World Cup Football Field

বিজ্ঞাপন

৫১৯ মিনিট ক্লিন শিট রেখে বিশ্ব রেকর্ড গড়লেন সিমন

৫১৯ মিনিট ক্লিন শিট রেখে বিশ্ব রেকর্ড গড়লেন সিমন

বিশ্বকাপ মানেই গোলের উৎসব। তবে ২০২৬ সালের আসরটি ধীরে ধীরে গোলকিপারদের বিশ্বকাপ হিসেবেও পরিচিতি পাচ্ছে। একদিকে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে কিংবা হ্যারি কেইনের মতো তারকারা গোলের রেকর্ডে নাম লিখিয়ে চলেছেন, অন্যদিকে গোল ঠেকিয়ে ইতিহাস গড়ছেন বিভিন্ন দলের গোলরক্ষকেরা। সেই তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম উনাই সিমন।

অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের ৩-০ গোলের জয়ে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন এই গোলরক্ষক। ম্যাচটিতে ক্লিন শিট ধরে রাখার মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে টানা সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার কীর্তি গড়েছেন তিনি।

বিশ্বকাপে এখন পর্যন্ত টানা ৫১৯ মিনিট কোনো গোল হজম করেননি সিমন। এর ফলে ভেঙে গেছে ইতালির কিংবদন্তি ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড। ১৯৯০ বিশ্বকাপে জেঙ্গা টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে যে রেকর্ড গড়েছিলেন, সেটিই এতদিন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছিল।

এখন সেই তালিকার শীর্ষে উনাই সিমন। আর তৃতীয় স্থানে নেমে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিলটন, যিনি একসময় টানা ৫০০ মিনিট ক্লিন শিট রেখেছিলেন।

সিমনের এই রেকর্ডযাত্রার শুরু অবশ্য এবারের বিশ্বকাপে নয়। ২০২২ কাতার বিশ্বকাপে জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আও তানাকার গোলের পর আর কোনো বল তার জালে জড়ায়নি। সেই ম্যাচের বাকি সময়, মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ১২০ মিনিট এবং ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচ মিলিয়ে টানা ৫১৯ মিনিট গোলশূন্য রেখেছেন নিজের পোস্ট।

এই কীর্তিতে স্পেনের ইতিহাসেও নতুন অধ্যায় লিখেছেন সিমন। এতদিন দেশটির হয়ে বিশ্বকাপে টানা সর্বোচ্চ ৪৭৭ মিনিট গোল না খাওয়ার রেকর্ড ছিল ইকার কাসিয়াসের। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে গড়া সেই রেকর্ডও এখন অতীত।

এইচজেএস