বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে আসরের সবচেয়ে বড় চমক কেপ ভার্দের বিপক্ষে নামছে আর্জেন্টিনা। গ্রুপপর্বের শেষ ম্যাচে লিওনেল স্কালোনি একাদশে ৯ পরিবর্তন এনেছিলেন। লিওনেল মেসিসহ নিয়মিত দলের অনেকেই নামেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে। কেপ ভার্দে ম্যাচে তারাসহ শুরুর একাদশে ফিরেছেন চোট কাটিয়ে ফেরা ক্রিস্টিয়ান রোমেরো।
২০২২ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা এবারও দারুণ ছন্দে আছে। গ্রুপপর্বের তিন ম্যাচেই জিতে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামার ছাপ অক্ষুণ্ন রেখেছে তারা। নকআউটে আজ (শনিবার) প্রথমবার মেসি-স্কালোনির দল কেপ ভার্দের বিপক্ষে খেলবে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।
শক্তির বিচারে আর্জেন্টিনার চেয়ে অনেক পিছিয়ে কেপ ভার্দে। তবে আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ে নকআউটে ওঠে। গ্রুপপর্বে তারা রুখে দিয়েছিল স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে। তিনটি ম্যাচই ড্র করার পেছনে অন্যতম ভূমিকা ছিল বিশ্বফুটবলে নিজের নামটি ছড়িয়ে দেওয়া কেপ ভার্দে গোলরক্ষক জোসিমার দিয়াস ভোজিনহা।
নকআউটে নামার আগে একাদশে কয়েকটি জায়গা নিয়ে সংশয়ে ছিলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। সেই দ্বিধা পেরিয়ে তিনি একাদশে রেখেছেন ফাকুন্দো মেদিনা ও লাউতারো মার্টিনেজকে। নিকোলাস তালিয়াফিকো ইনজুরি থেকে ফিরলেও, আগের ম্যাচগুলোয় ছন্দে থাকার দরুন মেদিনা শুরুর একাদশে জায়গা ধরে রেখেছেন। আর লাউতারোর ফর্ম নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও বিশ্বকাপের আগে চোট কাটিয়ে ফেরা আলভারেজ যথারীতি রয়েছেন বদলি খেলোয়াড়দের তালিকায়।
আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ
এএইচএস

