বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও চমক অব্যাহত রেখেছে কেপ ভার্দে। বিশ্বকাপের অভিষেক আসরেই নকআউটে ওঠা দ্বীপ রাষ্ট্রটি ১-১ সমতায় ৯০ মিনিট শেষ করায় খেলা গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে। এরই মাঝে মেসির দুটি ফ্রি-কিক ও সরাসরি শট ঠেকিয়ে বীরত্ব দেখিয়েছেন কেপ ভার্দে গোলরক্ষক দোসিমার দিয়াস ভোজিনহা।
ম্যাচের ২৮তম মিনিটে আলবিসেলেস্তেদের লিড এনে দেন মেসি। তার উদ্দেশে নিজেদের অর্ধ থেকে নিখুঁত এক পাস বাড়িয়ে ছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। মেসির দৌড়ে যাওয়ার লাইনেই ছিল সেই বল। যা নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতর ৭ গজ দূরত্ব থেকে শট নেন তিনি। সেই জোরালো শট কেপ ভার্দে গোলরক্ষক দোসিমার দিয়াজ ভোজিনহার ঠেকানোর সাধ্য ছিল না।
৫৯ মিনিটে ডেরয় দুয়ার্তের গোলে আর্জেন্টিনার জাল কাঁপিয়ে স্কোরলাইন ১-১ পরিণত করেছে কেপ ভার্দে। রায়ান মেন্দেস ডান প্রান্ত দিয়ে বল বাড়ালে দুয়ার্তে ফাঁকা জায়গা দিয়ে দৌড়ে দুর্দান্ত এক শটে এমিলিয়ানো মার্টিনেজের পায়ের নিচ দিয়ে বল জালে জড়ান। আর্জেন্টিনার লিড নেওয়া গোলে অ্যাসিস্ট করা লিসান্দ্রো মার্টিনেজ দ্রুত এগিয়ে এলেও দুয়ার্তেকে ঠেকাতে পারেননি।
এরপর আবারও লিডে ফিরতে মরিয়া ছিলেন মেসি-আলভারেজরা। কিন্তু বারবার তাদের হতাশ করেছেন ভোজিনহা এবং কেপ ভার্দে ডিফেন্ডাররা। ৬৩ মিনিটে গোলরক্ষক একাই ছিলেন, তবে মেসিকে ঠেকাতে এগিয়ে এসে দারুণ ক্ষিপ্রতায় ভোজিনহা শরীর এলিয়ে আক্রমণ ঠেকিয়ে দেন। এরপর একরাশ হতাশা উপহার দেন মিনিট দশেকের মাথায়।
৭৩ মিনিটে ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি তখনও পুরোপুরি শেষ করতে পারেননি ভোজিনিয়া। মেসি সেই সুযোগ কাজে লাগাতে দ্রুত শট নেন, দূরের পোস্টে বল পাঠাতে চাইলেও ভোজিনহা নামক দেয়াল টপকাতে পারেননি। একইভাবে প্রেসিং করে যাচ্ছিল কেপ ভার্দেও। ফলে ৯০ মিনিট শেষে ১-১ সমতায় থাকে খেলা।
এএইচএস

