কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টিনার ফুটবলারদের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল, কতটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। কেউ পেশিতে টান নিয়ে কাতরাচ্ছেন, কেউ হাঁপিয়ে উঠেছেন ক্লান্তিতে। নিকোলাস তাগলিয়াফিকোর নাক দিয়ে রক্ত ঝরছিল, আর কয়েকজন ফুটবলার ক্র্যাম্পে ভুগছিলেন মাঠেই।
এমন এক শারীরিক ও মানসিক ধকলের ম্যাচের পর মাত্র তিন দিনের ব্যবধানে আবারও মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। আর সেটিই মেনে নিতে পারছেন না দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ বলেন, 'যখন আপনি নিজেকে নিংড়ে দিয়ে খেলবেন, তখন সেটা আপনার অনেক কিছু কেড়ে নেবে। এই দিক থেকে দল আজ তাদের দৃঢ়তা দেখিয়েছে। আমাদের যেগুলো ঠিক করে নেওয়া প্রয়োজন, আমরা সেটা করব।'
কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর আর্জেন্টিনার সামনে এখন মিশরের চ্যালেঞ্জ। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার রাত ১০টায় আটালান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
তবে সেই ম্যাচের আগে বিশ্রামের সময় নিয়ে অসন্তুষ্ট স্কালোনি। গ্রুপ পর্বে ম্যাচের মাঝে ছয় দিনের বিরতি পাওয়া দলটিকে এখন নকআউটের গুরুত্বপূর্ণ সময়ের আগে পাচ্ছে মাত্র তিন দিন।
বিশ্বকাপের সূচি নিয়ে প্রশ্ন তুলে স্কালোনি বলেন, 'এখন আমাদের বিশ্রাম নিতে হবে। আগে আমরা ছয় দিন বিরতি পেয়েছিলাম, এখন পাব তিন দিন। এটা হওয়া উচিত উল্টো। যখন আপনার সবচেয়ে বেশি বিশ্রাম প্রয়োজন হবে, তখন পাবেন কম। এটা বোঝা খুব কঠিন। কম বিরতি দিয়ে শুরু হয়ে ধীরে ধীরে বাড়ানো উচিত।'
এইচজেএস
