বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ খেলতে মেক্সিকো সিটিতে পা রেখে বিরূপ অভ্যর্থন পেয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে স্বাগতিক ভক্তদের দুয়ো শোনা ছাড়াও গুপ্তচরবৃত্তির শঙ্কা এবং প্রতিকূল আবহাওয়ায় খেলা বিঘ্ন হওয়ার মতো বিষয়ে দুশ্চিন্তায় রয়েছে।
আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় শেষ ষোলোয় মুখোমুখি হবে ইংল্যান্ড ও মেক্সিকো। এই ম্যাচের পর বিশ্বকাপের বাকি অংশ পুরোপুরি মার্কিন ভূমিতে অনুষ্ঠিত হবে। এর আগে ইকুয়েডর শেষ ৩২-এর ম্যাচ খেলতে মেক্সিকোতে গিয়েছিল। সেই ম্যাচের আগে স্বাগতিক ভক্তদের হৈ-হুল্লোড়ের জন্য ঘুমে ব্যাঘাত ঘটার অভিযোগ তোলে লাতিন দেশটি। সেই ধারাবাহিকতায় ইংল্যান্ড দলের হোটেলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
— BBC Sport (@BBCSport) July 4, 2026
এ ছাড়া ইংলিশ কোচ থমাস টুখেলের দলের সামনে রয়েছে আবহাওয়া, উচ্চতা এবং এমনকি গুপ্তচরবৃত্তির আশঙ্কার মতো অতিরিক্ত চ্যালেঞ্জও। মেক্সিকোর বিপক্ষে তাদের মাটিতে খেলতে গিয়ে ইকুয়েডরের খেলোয়াড়রা গভীর রাত পর্যন্ত লাউডস্পিকার, হর্ন এবং মোটরসাইকেলের শব্দে অতিষ্ঠ হয়েছিলেন। স্বাগতিক ভক্তদের এমন আচরণ নিয়ে অভিযোগও দিয়েছিল দলটি। একই পরিস্থিতি এড়াতে ইংল্যান্ড চেয়েছিল তাদের অবস্থানের তথ্য গোপন রাখতে। তবে সেই তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
শুক্রবার ইংল্যান্ড দলের বাস হোটেলে পৌঁছানোর সময় শত শত স্থানীয় সমর্থক সেখানে উপস্থিত ছিলেন। কেউ ‘মেক্সিকো’ ধ্বনি দেন, আবার কেউ ইংল্যান্ডকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি করেন। ইংল্যান্ড দলের হোটেলের প্রবেশমুখে মোতায়েন ছিল মেক্সিকোর ন্যাশনাল গার্ডের সদস্যরা। এ ছাড়া হোটেলের বাইরের সড়কে ব্যারিকেডের পাশে দাঙ্গা প্রতিরোধী পোশাকে অবস্থান নেয় পুলিশ। রাতের সম্ভাব্য শব্দদূষণ থেকে খেলোয়াড়দের ঘুমের ব্যাঘাত কমাতে প্রাকৃতিক ঘুমের ওষুধ কিংবা হোয়াইট নয়েজ মেশিনের ব্যবস্থা রাখা হবে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সেটি আবহাওয়ার ওপর নির্ভর করবে। প্রয়োজনে ম্যাচ বিলম্বিত হতে পারে। একই ভেন্যুতে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর আগের ম্যাচটি বজ্রপাত ও বিদ্যুৎ চমকের কারণে এক ঘণ্টা বিলম্বে শুরু হয়েছিল। এ ছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় (২২৪০ মিটার) ম্যাচটি হবে বিধায় সেটিও মাথায় রাখতে হচ্ছে সফরকারী ইংলিশদের। যেখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ তুলনামূলক কম। ফলে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই উড়ে গেছে টুখেলের দল।
এদিকে, ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গুপ্তচরবৃত্তির আশঙ্কা ছিল ইংল্যান্ডের যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে অবস্থিত বেস ক্যাম্প থেকে মেক্সিকো সিটিতে যাত্রা একদিন পিছিয়ে দেওয়ার অন্যতম কারণ। যদিও অনুশীলনের একটি অংশ প্রকাশ্যে করতে হতে পারে ইংল্যান্ড ও মেক্সিকো দলকে।
এএইচএস

