বিশ্বকাপ ফুটবলে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা জনপ্রিয়তা ও আলোচনার দিক থেকে বরাবরই শীর্ষে থাকে। রোববার দিবাগত রাতে ব্রাজিল নিউজার্সি স্টেডিয়ামে প্রি-কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে। আধঘণ্টার বেশি সময় নিয়ে হওয়া সংবাদ সম্মেলনে উঠেছিল আর্জেন্টিনা প্রসঙ্গও।
নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন ইংরেজি জানেন। নরওয়ের প্রেস কনফারেন্সে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের সাংবাদিক বেশি। তাই বেশিরভাগ প্রশ্ন হয়েছে নরওয়েজিয়ান ভাষায়। কয়েকজন ব্রাজিলিয়ান সাংবাদিকও ছিলেন প্রতিপক্ষ কোচের কথা শুনতে। পর্তুগিজ ভাষায় ব্রাজিলিয়ান এক সাংবাদিকই মূলত জিজ্ঞেস করেছেন এই বিশ্বকাপে আমেরিকার দলগুলোর মধ্যে কাকে সেরা মনে হচ্ছে?
জবাবে নরওয়ের কোচ খানিকটা কৌশলী উত্তর দিয়েছেন, ‘রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো ও স্বাগতিক দুই দেশ (প্রেস কনফারেন্স অবস্থায় কানাডা মরক্কোর কাছে হারে) রয়েছে। এর মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা সমান সমান অবস্থানে। ব্রাজিল এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো করছে। আর্জেন্টিনা গ্রুপপর্বে উড়ন্ত সূচনা করলেও গতকাল কঠিন পরীক্ষায় পড়েছিল। তাদের কোয়ালিটি দিয়ে সেটা উত্তরণ করেছে।’
বিশ্বকাপে ব্রাজিল নরওয়েকে কখনো হারাতে পারেনি। ১৯৯৮ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল খেললেও গ্রুপপর্বে ২-১ গোলে হেরেছিল নরওয়ের কাছে। ওই ম্যাচে না খেললেও বেঞ্চে ছিলেন নরওয়ের বর্তমান কোচ। ওই দলের সঙ্গে নরওয়ের বর্তমান দলের তুলনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই দলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ওই দল সেটপিস নির্ভর ছিল। এই দল সব সময় স্কোর করার চেষ্টা করে। খেলার ধরনেও বেশ পার্থক্য রয়েছে। সবচেয়ে বড় কথা কাল একটি ভিন্ন ও নতুন ম্যাচ।’
ব্রাজিলের বিপক্ষে নরওয়ে বিশ্বকাপে এর আগেও খেলেছে। আগামীকালের ম্যাচের গুরুত্ব ও আবহ খানিকটা ভিন্ন। কারণ কাল ব্রাজিলকে হারাতে পারলে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলবে নরওয়ে। তাই সংবাদ সম্মেলনে প্রশ্ন– আগামীকালের ম্যাচ কি নরওয়ের ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ? নরওয়ের কোচ আরও একবার সুকৌশলে চাপ দূরে ঠেলেন, ‘কালকের ম্যাচটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা কাল জিততে চাই। জিতে নরওয়ের ফুটবলকে আরও উপরে নিয়ে যেতে চাই। ’
এজেড/এএইচএস

