World Cup Football Field

বিজ্ঞাপন

ব্রাজিল-নরওয়ে ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৩ তারকা

ব্রাজিল-নরওয়ে ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৩ তারকা

একদিকে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে ওঠার চ্যালেঞ্জ, আরেকদিকে নিষেধাজ্ঞা এড়ানোর মিশন। দু’দিকেই সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে বিশ্বকাপের দলগুলোকে। এই যেমন আজ (রোববার) দিবাগত রাতে ব্রাজিল-নরওয়ে ম্যাচেও তিন তারকা ফুটবলারকে যেকোনো মূল্যে হলুদ কার্ড এড়াতে হবে। অন্যথায় দল কোয়ার্টার ফাইনালে উঠলে নিষেধাজ্ঞায় পড়বেন তারা।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রাত ২টায় মুখোমুখি হবে ব্রাজিল-নরওয়ে। যেখানে শাস্তির ঝুঁকিতে আছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো, ডিফেন্ডার দানিলো এবং নরওয়ের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যান্তনিও নুসা। তাদের প্রত্যেকেই নিজেদের শেষ ম্যাচে একটি করে হলুদ কার্ড দেখেছেন।

ব্রাজিল শেষ ৩২–এর ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলে রোমাঞ্চকর জয় পায়। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের দুই মিনিটে জাপানের পাল্টা আক্রমণ থামাতে গিয়ে হলুদ কার্ড দেখেন দানিলো। একই খেলায় ক্যাসেমিরোও সতর্কবার্তা পান। ফলে নরওয়ের বিপক্ষে ম্যাচে নতুন করে হলুদ কার্ড দেখলে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে না পারার ঝুঁকি রয়েছে। নরওয়ের আক্রমণ থামানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তাদের।

নরওয়ে দলেও ঝুঁকিতে রয়েছেন অ্যান্তোনিও নুসা। আইভরি কোস্টের বিপক্ষে জয়ের ম্যাচে প্রথমার্ধের ৪৫ মিনিটে তিনি হলুদ কার্ড দেখেন। আর্লিং হালান্ডদের জন্য তাকে মাঠে পাওয়া গুরুত্বপূর্ণ, কারণ নুসা দলের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র। ওই ম্যাচে প্রথমার্ধের ৩৯ মিনিটে তিনি গোল করে নরওয়েকে এগিয়ে দেন, এরপর হালান্ড জয়সূচক গোলটি করেন।

dhakapost
ক্যাসেমিরো, দানিলো ও অ্যান্তনিও নুসা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে একটি দলকে পাঁচটি ম্যাচ খেলতে হয়। ফিফার আগের নিয়ম অনুযায়ী– ওই সময়ের মধ্যে যেকোনো দুটি ম্যাচে হলুদ কার্ড পেলেই পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন সংশ্লিষ্ট খেলোয়াড়। ২০২৬ বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে অংশগ্রহণ করে ৪৮টি দল। ফলে নকআউট পর্বে একটি বাড়তি রাউন্ড যোগ হয়েছে। ফিফা মনে করছে, বাড়তি এই রাউন্ডের কারণে ফুটবলারদের নিষেধাজ্ঞার ঝুঁকি অনেক বেড়ে যাবে। 

আগের নিয়মে কোনো পরিবর্তন না আনা হলে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা খেলোয়াড়দের হারানোর আশঙ্কা করে ফিফা। কারণ, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে এবার খেলোয়াড়দের ছয়টি ম্যাচ খেলতে হবে। তাই ২০২৬ বিশ্বকাপে চালু হয় নতুন কার্ড নীতি। গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগে বাতিল (রিসেট) হয়ে গেছে। এরপর কোয়ার্টার ফাইনাল শেষে আবারও হলুদ কার্ডের হিসাব শুরু হয়।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ভিন্ন দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে খেলোয়াড়কে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। ফলে শেষ ৩২-এর ম্যাচে যারা হলুদ কার্ড পেয়েছেন, তারা যদি শেষ ষোলোর ম্যাচেও আবার সতর্কবার্তা পান, তাহলে দল কোয়ার্টার ফাইনালে উঠলে তারা ম্যাচটি খেলতে পারবেন না।

এএইচএস