স্পেন ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সংবাদ সম্মেলন হয়ে উঠল নাটকীয়। পুরো সময়ে তিনি কখনও রসিকতা, কখনও আবেগঘন কথায় মাতিয়ে রাখেন। এরপর বললেন এটাই তার শেষ বিশ্বকাপ। এর মাঝে ব্রাজিলিয়ান এক সাংবাদিক এবং ‘আর্জেন্টাইন বিমানকর্মী’ নিয়ে রোনালদোর রসিকতা আলোচনার জায়গা দখল করেছে।
বিশ্বকাপের অন্যতম দুই ফেভারিট স্পেন ও পর্তুগাল আজ (সোমবার) দিবাগত রাত ১টায় শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে। অর্থাৎ, লামিনে ইয়ামাল কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর একজনকে বিদায় জানাতে হবে ফুটবলবিশ্বকে। নিজের রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ এই আসরকেই শেষ বিশ্বকাপ বলে ঘোষণা দিয়েছেন সিআরসেভেন।
— Fabrizio Romano (@FabrizioRomano) July 5, 2026
সংবাদ সম্মেলনে রোনালদো ছিলেন বেশ সাবলীল ও হাসিখুশি। উপস্থিত সাংবাদিকদের হাসানোর চেষ্টাও ছিল তার মধ্যে। একপর্যায়ে রসিকতা করে ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেকলারকে তিনি বলেন, ‘আমি ওই সাংবাদিককে চ্যালেঞ্জ জানাতে চাই। আপনি আমাকে একটি ভালো প্রশ্ন করুন, জানি আপনি আমাকে পছন্দ করেন না। মানুষের মুখ আমার খুব ভালো মনে থাকে।’
পরে সাংবাদিক মার্সেলো জিজ্ঞেস করেন, ‘আমি আপনার ভক্ত এবং আপনার সঙ্গে কথা বলতে পারা সম্মানের। ৪১ বছর বয়সে খেলার সবচেয়ে কঠিন দিকটি কী?’ ওই প্রশ্নের জবাবে রোনালদো মুখ কিছুটা গম্ভীর করে বললেন, ‘এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। সবচেয়ে কঠিন কাজ হলো আপনাদের সবার সঙ্গে কথা বলা। বিশেষ করে আপনাদের মধ্যে যারা আমাকে পছন্দ করেন না, তাদের সঙ্গে।’
এক পর্যায়ে রোনালদোর কাছে জানতে চাওয়া হয়– সমালোচনার বিষয়টি কীভাবে সামলান। পর্তুগিজ সুপারস্টার জবাব দেন, ‘আপনার প্রশ্নের উত্তর হলো, যতটা সম্ভব সময়টা উপভোগ করা। কারণ এটাই শেষ বিশ্বকাপ।’ সমালোচকদেরও ধন্যবাদ জানিয়ে রোনালদো বলেন, ‘৪০ বছর বয়সের পর আমি শিখেছি এবং আশা করি আরও ৪০ বছর বাঁচব। কঠোর সমালোচনার মাধ্যমেই মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বেশি বিকাশ ঘটে। আর আপনারা যে সেই কাজটি চালিয়ে যাচ্ছেন, তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই, এক অর্থে এর মাধ্যমেই আমি আরও বেশি বিকশিত হচ্ছি।”
এরপর এক বিমানকর্মীকে ‘আর্জেন্টাইন’ উল্লেখ করে এই তারকা বলেন, ‘শেষ পর্যন্ত মানুষের ভালোবাসাই থেকে যায়, যারা আপনাকে ভালোবাসে। আমি দলের স্টাফদের সঙ্গে একই হোটেলে থাকি, সেখানে লাতিনো অনেক মানুষ আছেন, আর এসবই অসাধারণ স্মৃতি হয়ে থাকবে। গতকাল বিমানে এক আর্জেন্টাইন বিমানকর্মী ছিলেন। তিনি যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন, তাতেই বুঝেছিলাম তিনি আর্জেন্টাইন। আমি তাকে বলেছিলাম, “আপনি যেভাবে আমার দিকে তাকালেন, তাতেই বুঝেছি আপনি আর্জেন্টাইন। আর যদি দ্রুত মুখ ফিরিয়ে নিতেন, তাহলে বুঝতাম আপনি ক্রিশ্চিয়ানোকে পছন্দ করেন না।’ হেসে হেসে কথাগুলো বলছিলেন আন্তর্জাতিক ম্যাচের সর্বোচ্চ এই গোলদাতা (১৪৬)।
বিশ্বকাপ শিরোপা জিততে না পারলেও নিজের প্রতি দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসবে না বলে জোর দিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘বিশ্বকাপ জিতলে আমি আরও বেশি ক্রিস্টিয়ানো হয়ে যাব না, আবার না জিতলেও কম ক্রিস্টিয়ানো হয়ে যাব না।’ সোমবার জয় বা পরাজয় যাই হোক না কেন, আমি এখান থেকে সম্পূর্ণ স্বচ্ছ বিবেক নিয়ে ফিরব। ১০০ শতাংশ নয়, বরং ১০০০ শতাংশ।’
এএইচএস

