World Cup Football Field

বিজ্ঞাপন

আরেকটি বিশ্বকাপ ব্যর্থতা

আনচেলত্তি ছাঁটাই হবেন নাকি থাকবেন জানাল ব্রাজিল ফুটবল ফেডারেশন

আনচেলত্তি ছাঁটাই হবেন নাকি থাকবেন জানাল ব্রাজিল ফুটবল ফেডারেশন

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আরেকটি ব্যর্থ আসর শেষে গুঞ্জন উঠেছে, সেলেসাওদের ডাগআউটে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি থাকবেন কি না। 

এরই মধ্যে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা হারাচ্ছে না তারা। চুক্তি অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের ডাগআউটে এই ইতালিয়ান কোচই থাকছেন বলে নিশ্চিত করেছে দেশটির ফেডারেশন।

ব্রাজিলের জাতীয় দলের নির্বাহী পরিচালক রদ্রিগো কায়তানো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যর্থতার পরও আনচেলত্তিকে ছাঁটাই করার কোনো পরিকল্পনা আপাতত নেই। বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

২০২৫ সালে রিয়াল মাদ্রিদের পাট চুকিয়ে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন কার্লো আনচেলত্তি। বাছাইপর্বের শেষ দিক দলের ডাগআউটে যুক্ত হন তিনি। দায়িত্ব নেওয়ার বছর খানেকের মাথায় বিশ্বকাপ খেলতে নেমে শুরুটা কিছুটা এলোমেলো হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছিল ব্রাজিল। তবে প্রথম বড় পরীক্ষাতেই নরওয়ের কাছে হারতে হয়েছে। 

কোয়ার্টারের আগেই বিদায় নিশ্চিত হয়ে গেলেও এই মুহূর্তে তাড়াহুড়ো করতে চায় না সিবিএফ। কায়তানো বলছিলেন, এখন আমাদের মূল লক্ষ্য হলো স্বাভাবিক কাঠামোর মধ্যে থেকে কাজ করা। কোচ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কাজ চালিয়ে যাবেন। যেখানে যেখানে পরিবর্তন প্রয়োজন, তা করা হবে। পরবর্তী বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে আমাদের অন্তত শান্ত পরিবেশ দরকার।’

নরওয়ের কাছে হারের পর ড্রেসিংরুমের পরিবেশ কেমন ছিল, তা লুকাতে চাননি কায়তানো। তবে গত ৩৮ দিন ধরে আনচেলত্তির অধীনে দলের ফুটবলার ও স্টাফরা যেভাবে কঠোর পরিশ্রম করেছেন, তার প্রশংসাও করেছেন। তিনি বলেন, অবশ্যই আমরা এখনো এই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছি। ফুটবলার, স্টাফ, কোচিং প্যানেল—সবাই অত্যন্ত দুঃখিত, হতাশ ও মর্মাহত। কিন্তু তাই বলে গত কিছুদিন আমরা একসাথে যে সময়টা কাটিয়েছি, তাকে পুরোপুরি ব্যর্থ বলা যাবে না। সিবিএফ পরিচালকের মতে, টুর্নামেন্টজুড়ে ব্রাজিল ধাপে ধাপে উন্নতি করছিল। 

এখনই হাল ছাড়ছেন না কার্লো আনচেলত্তিও। হতাশ হলেও এখানেই শেষ দেখছেন না কিংবদন্তী এই কোচ, ‘স্বাভাবিকভাবেই হতাশ। তবে এটাই শেষ নয়, নতুন করে শুরু করতে হবে।’

এফআই