আফ্রিকার সাতবারের চ্যাম্পিয়ন মিশর। চলতি বিশ্বকাপে চতুর্থবারের মতো অংশ নিয়েছে তারা। গ্রুপ পর্বের পর ফারাওরা প্রথম নকআউটের বাধাও ডিঙিয়েছে। এবার তাদের সামনে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
২৯ নম্বর র্যাঙ্কিংধারী দল মিশর। অন্যদিকে আর্জেন্টিনা আছে শীর্ষে। দুই দলের মাঝে বড় ধরনের তফাৎ। স্বাভাবিকভাবে এই ম্যাচে ফেভারিট আর্জেন্টিনা। কিন্তু তাদের চাপে ফেলার বিশ্বাস আছে মিশরের।
দলের কোচিং স্টাফ সদস্য ও প্রধান কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান। বিশ্বকাপের শেষ ষোলোতে নামার আগে তিনি কথা বলেছেন। তার দল আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে খুব একটা ভাবছে না।
মিশরীয় চ্যানেল সাদা আল বালাদ-কে দলের সহকারী এই কোচ তার মতামত তুলে ধরেন। আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে না ভাবার গুরুত্ব খেলোয়াড়দের জানিয়েছেন তিনি। ইব্রাহিম বললেন, ‘আমরা মেসিকে দেখি না। আমরা খেলোয়াড়দের বলেছি মাঠে নামো এবং প্রতিপক্ষের দিকে মনোযোগ না দিয়ে নিজের খেলা খেলো।’
মেসির মুখোমুখি হওয়াকে স্বাভাবিক চোখে দেখছেন তিনি, ‘মেসির বিপক্ষে খেলা? আমরা তো এমন কিছু ভাবছিই না। আমরা মিশরীয় জাতীয় দলের দিকে মনোযোগ রাখছি। আমরা প্রত্যেক ম্যাচে লড়তে নামি, সেটা মেসি হোক কিংবা অন্য কোনো প্রতিপক্ষ।’
এই সহকারী কোচ বলে গেলেন, ‘তাদের মেসি আছে। কিন্তু আমাদের মোহাম্মদ সালাহ ও ২৬ মেসি আছে। আশা করি আল্লাহ আমাদের পুরস্কার দেবেন।’
গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পায় মিশর। তারপর শেষ ৩২ এ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাজিমাত করে তারা। দলের পারফরম্যান্স নিয়ে ইব্রাহিম বললেন, ‘প্রথম দিন থেকে আমরা খেলোয়াড়দের বলেছি যে, শুধু অংশগ্রহণ করতেই আসিনি। আমাদের লক্ষ্য থাকবে টুর্নামেন্টে যতদূর সম্ভব যাওয়ার।’
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। চলতি আসরে দারুণ ফর্মে আছেন মেসি। ৪ ম্যাচে ৭ গোল করে যৌথভাবে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন। আর ২০তম গোল করে বিশ্বকাপের সর্বকালের গোলদাতার তালিকায় এক নম্বরে ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।
এফএইচএম

