বিজ্ঞাপন

ক্যারিয়ার সেরা বোলিং করেও নাহিদ রানার আফসোস

ক্যারিয়ার সেরা বোলিং করেও নাহিদ রানার আফসোস

টেস্টের পর ওয়ানডেতেও হারের স্বাদ পেল বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরেছে টাইগাররা। ম্যাচে আগে ব্যাট করা জিম্বাবুয়ে ১৪১ রান সংগ্রহ করে। এদিন বাংলাদেশের হয়ে একাই ৬ উইকেট শিকার করেছেন নাহিদ রানা। তবুও জেতা হয়নি দলের।

দুর্দান্ত বোলিংয়ের পরও দলকে জেতাতে পারেননি, যে কারণে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফসোস করলেন রানা, ‘আমার কাছে মনে হয়েছে যে, আমরা শুরুটা ভালো করেছিলাম। তবে ব্যাটিংয়ে শুরুটা সেভাবে ভালো করতে পারিনি। ভালো একটা জুটি হলে এবং ব্যাক টু ব্যাক উইকেট না পড়লে ভালো হতে পারত। কিন্তু সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছে।’

শেষ দিকে ব্যাটিং করা নিয়ে রানা বলেছেন, ‘১৫ জন স্কোয়াডে থাকে, ১১ জন খেলে। সবসময় ১১ জনেরই ব্যাট করার জন্য প্রস্তুতি রাখা উচিত, যেকোনো সময় ব্যাট করার সুযোগ আসতে পারে।’

বোলিং নিয়ে রানা আরও জানান, ‘শুরুতে আলহামদুলিল্লাহ। শেষের যে জুটি হয়েছিল, তা যদি আরও আগে ভাঙতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। সেখানে বোলাররা মনে হয় একটু লুজ বোলিং করেছি। অবশ্যই, সবসময় বোলিং উপভোগ করি। যে দিনটা আমার যাবে, চেষ্টা করি আমার করে নেওয়ার। চেষ্টা থাকে দলকে জেতানো। আজকে পারিনি। শেষের জুটিটা যদি বোলাররা আগে ভাঙতে পারতাম তাহলে হয়ত (দলকে জেতানো যেত)।’

রানা আরও বলেছেন, ‘জিতলে প্রতিটি সিরিজই আত্মবিশ্বাস দেয়। প্রথম টেস্ট আসলে মিস বলব না, ওয়ার্কলোডের জন্য রাখা হয়নি আমাকে। সামনে ম্যাচ ছিল সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।’

এসএইচ/এমএমএম