World Cup Football Field

বিজ্ঞাপন

গোল করে একজনকেই উৎসর্গ করেন মেসি, কে তিনি?

গোল করে একজনকেই উৎসর্গ করেন মেসি, কে তিনি?

লিওনেল মেসির গোল উদযাপনের দৃশ্যটা ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত। বল জালে জড়ানোর পর দুই হাতের তর্জনী আকাশের দিকে তুলে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকেন আর্জেন্টাইন মহাতারকা। এটি শুধু উদযাপন নয়, বরং একজন প্রিয় মানুষের প্রতি মেসির ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ। কিন্তু কে এই প্রিয় মানুষ!

জানা গেছে, মেসির এই বিশেষ মুহূর্তটি উৎসর্গ করেন তাঁর নানি সেলিয়া অলিভেরা কুচ্চিত্তিনিকে। ছোটবেলায় তিনিই মেসির প্রতিভায় বিশ্বাস রেখেছিলেন এবং ফুটবলের পথে এগিয়ে যেতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ফলে প্রতিটি গোলেই নানিকে স্মরণ করেন আর্জেন্টাইন মহাতারকা।

এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মেসি বলেছিলেন, ‘নিজের গোল ও জয় তিনি নানিকেই উৎসর্গ করেন। কারণ, নানিই প্রথম বুঝেছিলেন ছোট্ট লিওর ভেতরে লুকিয়ে থাকা প্রতিভার কথা।’

মেসির বয়স তখন মাত্র পাঁচ বছর। আর্জেন্টিনার রোজারিও শহরের গ্রান্দোলি ক্লাবে বড় ভাইয়ের খেলা দেখতে গিয়েছিলেন তিনি। সেদিন একটি ম্যাচে খেলোয়াড়ের ঘাটতি দেখা দিলে নানি সেলিয়াই প্রথম এগিয়ে আসেন। ছোট্ট লিওকে মাঠে নামানোর জন্য কোচকে অনুরোধ করেন তিনি।

প্রথমে রাজি ছিলেন না কোচ সালভাদর আপারিসিও। বয়সে অনেক ছোট হওয়ায় চোট পাওয়ার আশঙ্কা ছিল তাঁর। কিন্তু নাতির সামর্থ্যে অটুট বিশ্বাস ছিল সেলিয়ার। শেষ পর্যন্ত তাঁর অনুরোধেই মাঠে নামার সুযোগ পান মেসি। সেই সুযোগ পেয়েই নিজের প্রতিভার ঝলক দেখান ছোট্ট লিও।

বয়সে বড় ছেলেদের বিপক্ষেও বল পায়ে দুর্দান্ত ছিলেন তিনি। ম্যাচে দুটি গোল করে সবাইকে চমকে দেন। সেদিন থেকেই যেন শুরু হয় এক কিংবদন্তির যাত্রা। পরে মেসি নিজেও জানিয়েছিলেন, ওই ঘটনার পর তাঁর নানি কোচকে বলেছিলেন, ‘মেসির জন্য বুট কিনে দিন, সামনের সপ্তাহ থেকেই আমি ওকে অনুশীলনে নিয়ে আসব।’

সেলিয়ার সেই বিশ্বাসই হয়ে উঠেছিল মেসির ফুটবল জীবনের প্রথম বড় প্রেরণা। ক্যারিয়ারে ৯০০-এর বেশি গোল, অসংখ্য শিরোপা, ব্যালন ডি’অর এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়; সব অর্জনের মাঝেও নানির অবদান ভুলে যাননি মেসি। বরং প্রতিটি গোলেই নানিকে স্মরণ করেন তিনি।

আইএইচ