World Cup Football Field

বিজ্ঞাপন

১৩ মিনিটে তিন গোলের পর মেসি ও দলকে নিয়ে যা বললেন স্কালোনি

১৩ মিনিটে তিন গোলের পর মেসি ও দলকে নিয়ে যা বললেন স্কালোনি

বিশ্বকাপের শেষ ষোলোতে মহাকাব্যিক প্রত্যাবর্তন। আটলান্টায় লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-২ গোলে হারাল মিশরকে। প্রথমার্ধে পেনাল্টি মিস করেন আর্জেন্টাইন অধিনায়ক। তারপর একটি গোল বানিয়ে দেওয়ার পর নিজেই জালের দেখা পান। মেসির এভাবে জ্বলে ওঠা দেখে কোচ লিওনেল স্কালোনির গায়ে কাঁটা দিচ্ছিল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ বললেন, ‘লিও পেনাল্টি মিস করল। এরপর সে চাইলেই চুপ করে থাকতে পারতো। কিন্তু সে সবসময় আবারও সুযোগ খোঁজে এবং চেষ্টা করে। এটা আমার গায়ে কাঁটা দেয়।’

দ্বিতীয়ার্ধের ৩৪তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। জয় তখন হাতছোঁয়া দূরত্বে। আর্জেন্টিনা ১৩ মিনিটে তিন গোল করে ঘুরে দাঁড়াল। রোমেরো, মেসি ও ফার্নান্দেজ জাল খুঁজে পান।

দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন নিয়ে স্কালোনি বললেন, ‘আমাদের যদি হারতেই হতো, তাহলে এভাবেই হারতে চাইতাম। নানা উপায় থাকে, কিন্তু এই দল সবসময় কর্মফলে বিশ্বাসী। আমি সবসময় আবেগপ্রবণ হই। আর এই আবেগ সত্যিই অসাধারণ।’

তিনি বলে গেলেন, ‘আজ যা ঘটেছে, তার মাহাত্ম্য এই দলের অনেক সেরা অভিজ্ঞতার সঙ্গে তুলনীয়। অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই দল কখনো তার দেশের মানুষকে ছেড়ে যাবে না।’

ম্যাচের অধিকাংশ সময় আর্জেন্টিনা পিছিয়ে ছিল। কিন্তু স্কালোনির বিশ্বাস ম্যাচ তাদের দিকেই ঝুকে ছিল। ঘুরে দাঁড়ানোর আশায় বুক বেঁধেছিলেন তিনি।

স্কালোনি বললেন, ‘আমি মনে করি এই ম্যাচ সবসময় আমাদের দিকেই ছিল। অনেক সুযোগ পেয়েছিলাম আমরা। মিশর খুব ভালো দল। কিন্তু আমি মনে করি ম্যাচ সবসময় আমাদের পক্ষে ছিল। তারা দুটি বা তিনটি কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ পেয়েছিল।’

এফএইচএম