মিশরের বিপক্ষে লিওনেল মেসি আবারও দেখিয়ে দিলেন, কেন তিনি কিংবদন্তি। আর্জেন্টিনা পিছিয়ে থাকার পর ২১তম মিনিটে পেনাল্টি মিস করলেন। নিজের প্রায়শ্চিত্ত করলেন দ্বিতীয়ার্ধে গোল বানিয়ে দিয়ে। তাতে বদলে গেল ম্যাচের গতিপথ। নিজেও গোল করলেন।
শেষ পর্যন্ত মহাকাব্যিক প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জিতল আর্জেন্টিনা। উঠে গেল কোয়ার্টার ফাইনালে। ম্যাচের পর মিক্সড জোনে নিজের ভাবনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা পরের রাউন্ডে যেতে পেরেছি এবং যেভাবে গেলাম, তা নিয়ে আমি খুব খুশি। ম্যাচটি যখন ২-০ হয়ে গিয়েছিল, তখন পরিস্থিতি সত্যিই খুব কঠিন হয়ে পড়েছিল। আবারও এভাবে ঘুরে দাঁড়ানোটা ছিল অবিশ্বাস্য রকমের আবেগপূর্ণ। আমাদের আবারও অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু এটাই বিশ্বকাপ। এখানকার প্রতিটি ম্যাচই সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

আটলান্টায় ম্যাচে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। ইনজুরি টাইমে লাউতারো মার্টিনেজের পিনপতন ক্রসে জাল কাঁপান তিনি। ম্যাচ শেষে বললেন, ‘তিন বছর ধরে, সেই কাতার থেকে আমি এমন গোলের স্বপ্ন দেখে আসছিলাম। এবার, অবশেষে শেষ মিনিটে পেয়ে গেলাম। আমরা এখনো টিকে আছি, এটাই আর্জেন্টিনা।’
এফএইচএম

