সর্বশেষ দুই বিশ্বকাপের ফাইনাল খেলা ফ্রান্স এবারও দারুণ ছন্দে রয়েছে। এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে তারা কোয়ার্টার ফাইনালে নামার অপেক্ষায়। যেখানে তারা লড়বে ‘অ্যাটলাস লায়ন’খ্যাত মরক্কোর। আসন্ন ফ্রান্স-মরক্কো ম্যাচের জন্য নিয়োজিত অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ফিফা। রেফারিদের সেই তালিকায় পাঁচ আর্জেন্টাইন রেফারিকে দেখে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
গতকাল (মঙ্গলবার) রাত ১০টায় সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফ্রান্স-মরক্কো ম্যাচের জন্য অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে ফিফা। এরপর থেকেই তাদের পোস্টের নিচে নেতিবাচক মন্তব্য শুরু করেন নেটিজেনরা। সেখানে আবার আর্জেন্টিনা-মিশর ম্যাচের অফিসিয়ালদের তালিকার ছবি দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন কেউ কেউ। কারণ আর্জেন্টিনার সেই ম্যাচে ছিলেন ফ্রান্সের তিন রেফারি।
— FIFA (@FIFAcom) July 7, 2026
গতকাল রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও মিশর। কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াই দারুণ নাটকীয় ও রোমাঞ্চকর। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মোহামেদ সালাহ’র মিশর। এরপর দুর্দান্ত কামব্যাকের গল্প লিখে লিওনেল মেসির দল ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও ম্যাচের রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে মিশর। এমনকি আর্জেন্টিনার জয়ে রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের ও তার দল নির্ণায়ক ভূমিকা পালন করার কথা জানিয়ে ফিফাকে অভিযোগ দিয়েছে।
আর্জেন্টিনা-মিশর ম্যাচের দায়িত্বে থাকা প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের, প্রথম সহকারী রেফারি সাইরিল মুগনিয়ের এবং দ্বিতীয় সহকারী রেফারি মেহদি রাহমুনি– তিনজনই ফ্রান্সের নাগরিক। নরওয়ের এস্পেন ইসকাস চতুর্থ রেফারি এবং ইসাক বাশেভকিন রিজার্ভ সহকারী কোচের তালিকায় ছিলেন এই ম্যাচে।

এদিকে, ফ্রান্স-মরক্কোর আসন্ন কোয়ার্টার ফাইনালের দায়িত্ব পাওয়া ৫ রেফারির সবাই আর্জেন্টাইন নাগরিক। যেখানে প্রধান রেফারি হিসেবে ফাকুন্দো টেল্লো, দুই সহকারী কোচ হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল শাদে, চতুর্থ অফিসিয়াল দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী হিসেবে ক্রিস্টিয়ান নাভারোর নাম রয়েছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে লড়বে ফ্রান্স-মরক্কো।
এএইচএস

