লিওনেল মেসি ম্যাজিকে ফুটবল বিশ্বকাপের এবারের আসরে রীতিমতো উড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়েই উঠে রাউন্ড অব বত্রিশে। দাপুটে জয় ছিল সেখানেও। আর কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে আলবিসেলেস্তেদের প্রত্যাবর্তন তো রূপকথার গল্পকেও হার মানায়।
এত ভালো পারফরম্যান্সের পরও যেন একদল ফুটবলপ্রেমী খোদ মেসিদের প্রশ্নবিদ্ধই করছেন! তাদের দাবি, বিশ্বকাপের এবারের আসরে এখন পর্যন্ত তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষেই খেলেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ফিফা র্যাকিংয়ে কার অবস্থান কোথায়
গ্রুপ পর্বে যে তিন দলের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা, সেখানকার কোনো দলই র্যাংকিংয়ের শীর্ষ বিশে ছিল না। সবচেয়ে ভালো অবস্থান ছিল অস্ট্রিয়ার। ফিফা র্যাংকিংয়ে তারা অবস্থান করছে ২৩ নম্বরে। এছাড়া ২৬তম স্থানে অবস্থান আলজেরিয়ার। আর ৭৩ নম্বরে রয়েছে জর্ডান।
এদিকে রাউন্ড অব বত্রিশে কেপ ভার্দের মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা। প্রথম বিশ্বকাপ খেলতে আসা দলটির র্যাংকিং ৬৪। এদিকে মিশরকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। মোহামেদ সালাহরা রয়েছেন র্যাংকিংয়ের ২৪ নম্বরে। আর কোয়ার্টারে প্রতিপক্ষ সুইজারল্যান্ড অবস্থান করছে ১৪ নম্বরে।
প্রতিপক্ষদের বিশ্বকাপের ইতিহাস
গ্রুপ পর্ব ও নক আউট মিলিয়ে মোট পাঁচটি দলের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এর মধ্যে দুটি দল- জর্ডান ও ক্যাপ ভার্দে এবারই প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।
অস্ট্রিয়া এর আগে শেষবার বিশ্বকাপ খেলেছিল ১৯৯৮ সালে। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফেরা দলটির বিপক্ষে গ্রুপ পর্বে দেখা হয় আর্জেন্টিনার। এদিকে গ্রুপ পর্বের আরেক প্রতিদ্বন্দ্বী ছিল আলজেরিয়া। তারাও বিশ্বকাপে ফিরেছে দীর্ঘ ১২ বছর পর।
ইতিহাস ততটাও সমৃদ্ধ না থাকলেও অন্যান্য দলের চেয়ে মিশর ছিল দারুণ ফর্মে। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র চারবার অংশ নেওয়া আফ্রিকার এই দেশটি এবারই প্রথমবার উঠেছে নকআউট পর্বে। যদিও ১৯৩৪ সালেও রাউন্ড অব সিক্সটিনে অংশ নিয়েছিল তারা। কিন্তু সেবার বিশ্বকাপ শুরুই হয়েছিল রাউন্ড অব সিক্সটিন থেকে।
সেমিফাইনালে উঠতে সুইজারল্যান্ড বাধা পার করতে হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। র্যাংকিংয়ের ১৪তম স্থানে অবস্থান করলেও ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইসরা।
এমএমএম/

