World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপের রেফারিং নিয়ে সাংবাদিকদেরও কাঠগড়ায় ফিফা

বিশ্বকাপের রেফারিং নিয়ে সাংবাদিকদেরও কাঠগড়ায় ফিফা

বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স ও আর্জেন্টিনা। ফ্রান্সের ম্যাচে আর্জেন্টিনার রেফারি ও সহকারী রেফারিরা ম্যাচ পরিচালনা করবেন। এ নিয়ে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম আনুষ্ঠানিক কোনো আপত্তি তুলেননি। তবে বিষয়টি নিয়ে সমালোচনা করছেন বিশ্বকাপ কাভার করা সাংবাদিকরা। 

ফ্রান্সের সাংবাদিক আব্দুল করিম ফিফার দুর্বলতা আখ্যায়িত করে বলেন, ‘রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ফ্রান্সের ম্যাচে আর্জেন্টিনার পুরো রেফারি সেটআপ দেওয়ার দরকার ছিল না। অন্য দেশের রেফারি দিতে পারত। আবার আর্জেন্টিনা ম্যাচেও ফ্রান্সের রেফারি দেওয়া ঠিক না। ফিফার বিশ্বকাপ পুলে অনেক ভালো ও উঁচু মানের রেফারি রয়েছে। এই বিতর্কগুলো একটু সচেতনভাবেই এড়াতে পারত ফিফা।’

এই বিশ্বকাপের শুরু থেকেই আলোচনায় রেফারিং ও ভিএআর। গতকাল আর্জেন্টিনা ও মিশর ম্যাচ বিগত সব আলোচনাকে ছাপিয়ে গেছে। এবারের বিশ্বকাপের রেফারিং ভালো হচ্ছে না বলেই মন্তব্য ব্রাজিলিয়ান সাংবাদিক গ্যাব্রিয়েলের, ‘রেফারিং আরও বিশুদ্ধ ও সঠিক করার জন্য ভিএআরের আগমন। এই বিশ্বকাপে ভিএআরের প্রয়োগ এমনভাবে হচ্ছে, উল্টো যেন রেফারিং কাঠগড়ায়। যেটা মোটেও কাম্য নয়।’ ফিফাকে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিত বলে মনে করেন এই সাংবাদিক, ‘এবার ভিএআরের প্রয়োগ এত মাত্রায় হচ্ছে বক্সে সামান্য ধাক্কা কিংবা অনিচ্ছাকৃত বডি কন্টাক্টে গোল বাতিল হচ্ছে আবার পেনাল্টিও হচ্ছে। যা ফুটবলের স্বাভাবিক সৌন্দর্য্যকে নষ্ট করছে।’

গতকাল ম্যাচের পর মিশরের কোচ রেফারিং ও ফিফার কড়া সমালোচনা করেছেন। এমনও মন্তব্য করেছেন মেসি এবং আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করানোর জন্যই এই ঘটনাগুলো ঘটছে। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাংবাদিক অবশ্য এই রকম মনে করেন না, ‘কালকের ম্যাচে কিছু ঘটনা এমনভাবে ঘটেছে যেটা আসলেই প্রশ্ন উঠার মতো। তবে আমি মনে করি এটা অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত নয়, দৈবচক্রে ঘটেছে। ফিফার এই বিষয়গুলো আরও সচেতন হওয়া উচিত।’

এজেড/এএইচএস