বোস্টনে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় পার্ক স্ট্রিটে। সেই পার্ক স্ট্রিটে গতকাল (বুধবার) রাত ছিল ভিন্ন আমেজের। আজ দিবাগত রাত ২টায় বোস্টনে ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনাল। তার আগের রাতে ভেন্যু শহরে মরক্কোর সমর্থকরা বড় পরিসরেই উৎসব করেছেন।
বোস্টন শিক্ষানগরী হিসেবে খ্যাত। অন্য অনেক দেশের মতো মরক্কোর অনেক শিক্ষার্থীও আছে বোস্টনে। তাদের পাশাপাশি যারা পেশাগত ও অন্য কাজে বোস্টনে থাকে, তারাও এসেছিলেন পার্ক স্ট্রিটে। বোস্টন ছাড়াও অন্য শহর এমনকি মরক্কোর কাসাব্লাঙ্কা-রাবাত থেকেও অনেকে এসেছেন ম্যাচ উপলক্ষ্যে।

পার্ক স্ট্রিট চত্বরে কয়েকজন উপরে উঠে ড্রাম বাজাচ্ছেন। নিচে কয়েকশ মরক্কান নাচছেন। গান ও নাচে বোস্টনের পার্ক স্ট্রিট রূপ নিয়েছিল মরক্কোর কোনো শহরে। এক সমর্থক প্ল্যাকার্ড এনেছিলেন, যাতে লেখা– ‘ফিফা কিপ ফেয়ার, উই মরক্কো উইল শো।’
বোস্টনে পড়াশোনা করেন নুর। তিনি ম্যাচ পূর্ববর্তী এই উৎসব আয়োজন নিয়ে জানান, ‘খেলার আগে উন্মাদনা ও ফুটবলারদের উৎসাহ দিতেই এমন উদ্যোগ। আমরা এখানে মরক্কান যারা বসবাস করি, সবাই এতে যোগ দেওয়ার চেষ্টা করেছি।’ আরেক শিক্ষার্থী জিনা বলেন, ‘আমরা ফ্রান্সকে হারিয়ে আবারও বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে চাই। সেই লক্ষ্যে আগে থেকেই আমাদের এমন কাণ্ড।’

খেলার আগে মরক্কোর এমন উৎসব অবশ্য নতুন নয়। গত বিশ্বকাপে কাতারেও এমন উৎসবমুখর পরিবেশ তৈরি করেছিলেন তারা। এই বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। মরক্কো মাঠের মতো মাঠের বাইরেও ফুটবলের প্রতিষ্ঠিত শক্তি হওয়ার চেষ্টা করছে।
এজেড/এএইচএস

