World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর রেকর্ড কেমন?

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর রেকর্ড কেমন?

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা শেষ আটের রোমাঞ্চকর মঞ্চ প্রস্তুত। আর সেখানে ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ও হাইভোল্টেজ ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ফ্রান্স বনাম মরক্কো দ্বৈরথ। কাতার বিশ্বকাপের সেমিফাইনালের সেই চেনা লড়াই এবার দুই দল লড়বে বোস্টনের মাঠে।

এই লড়াইয়ের আগে যদি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ইতিহাসের পাতা ওল্টানো যায়, তবে দেখা যাবে এক দল অভিজ্ঞতায় সমৃদ্ধ আর অন্য দল সম্পূর্ণ নতুন এক ইতিহাস গড়তে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল ফ্রান্স এবার তাদের নবম কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামছে। এর আগে খেলা আটটি কোয়ার্টার ফাইনালের মধ্যে ফরাসিরা ৬ বারই সেমিফাইনালের টিকিট কেটেছে। যার মধ্যে ১৯৯৮ ও ২০১৮ সালে তারা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। বিগত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্সের কাছে এই মঞ্চটি ভীষণ চেনা।

তবে শেষ আটের এই বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে ফরাসিদের যেমন সাফল্যের বিশাল ইতিহাস আছে, তেমনি অতীতে জার্মানি কিংবা ইতালির কাছে এই কোয়ার্টার ফাইনালেই বিদায় নেওয়ার তেতো অভিজ্ঞতাও রয়েছে।

ফ্রান্সের তুলনায় মরক্কোর জন্য এটি বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। কিন্তু এই দ্বিতীয়বারেই তারা এমন এক রেকর্ড গড়ে ফেলেছে, যা আফ্রিকা মহাদেশটির কোনো দেশ আগে পারেনি।

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে ওঠা মরক্কো এবার উত্তর আমেরিকার মাটিতেও শেষ আট নিশ্চিত করেছে। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে টানা দুই আসরে কোয়ার্টার ফাইনালে খেলার অনন্য রেকর্ড নিজেদের করে নিল অ্যাটলাস লায়ন্সরা!

২০২২ সালে নিজেদের প্রথম কোয়ার্টার ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে করে দিয়েছিল মরক্কো, ফলে এই মঞ্চে তাদের জয়ের হার শতভাগ।

এমএমএম/