World Cup Football Field

বিজ্ঞাপন

স্পেনের প্রতিশোধের ম্যাচ, বেলজিয়াম ঘটাতে চায় অঘটন

স্পেনের প্রতিশোধের ম্যাচ, বেলজিয়াম ঘটাতে চায় অঘটন

লাল কার্ড পেয়ে যুক্তরাষ্ট্র স্ট্রাইকার বালোগানের খেলারই কথা ছিল না বেলজিয়ামের বিপক্ষে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে তার লাল কার্ড স্থগিত রাখা হয় এবং শেষ ষোলোতে খেলেছেন তিনি। ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। তবে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে বেলজিয়াম ‘ন্যায়ের পক্ষে’ কাজ করেছে। আমেরিকা ছাড়া পুরো বিশ্ব যেন তাদের পক্ষে ছিল।

বেলজিয়াম এই বিশ্বকাপে উত্থানপতনের মধ্যে দিয়ে গেছে। শেষ পর্যন্ত তারা কোয়ার্টার ফাইনালে। আমেরিকান স্বপ্ন ভেঙে দেওয়ার পর এবার তাদের সামনে বড় চ্যালেঞ্জ। জমাট রক্ষণ ও সতর্ক, পজেশনভিত্তিক ফুটবল দিয়ে এই টুর্নামেন্টের ফেভারিটের মর্যাদা পাওয়া স্পেনের মুখোমুখি হবে বেলজিয়ানরা।

প্রথম ম্যাচে বিবর্ণ পারফরম্যান্সের পর স্পেন প্রত্যেক ম্যাচে উন্নতির ধারা বজায় রেখেছে। পর্তুগালের বিপক্ষে শেষ ষোলো জিতে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে। প্রথম দল হিসেবে বিশ্বকাপে টানা ছয় ম্যাচ গোলপোস্ট অক্ষত রেখেছে লা রোহারা। গ্রুপ পর্বে একটি জয় নিয়ে নকআউট পর্বে উঠে দারুণ ছন্দে বেলজিয়াম। সেনেগালের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে অতিরিক্ত সময়ের গোলে। তারপর যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে খড়কুটোর মতো।

এবার বেলজিয়ামের সামনে স্পেন। ২০১৮ সালের সেমিফাইনালের পুনরাবৃত্তি করতে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের চমকে দিতে হবে। শক্তিমত্তায় দুই দলের তফাৎ বেশ বড়। ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন টানা ৩৫ ম্যাচ অপরাজিত। অন্যদিকে বড় টুর্নামেন্টে বেলজিয়ানরা হতাশ করেছে। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে, আর ২০২৪ ইউরোতে শেষ ষোলোতে বিদায় নিয়েছিল তারা।

তবে গোলকিপার থিবো কোর্তোয়া বিশ্বাস করেন, বেলজিয়াম অঘটন ঘটাতে পারবে। শেষ দুটি ম্যাচের ফলাফল তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। তাছাড়া বেলজিয়ামের তথাকথিত সোনালি প্রজন্মের শেষ বিশ্বকাপ এটাই। মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও স্ট্রাইকার রোমেলু লুকাকু বিদায়ী বিশ্বকাপ রাঙানোর অপেক্ষায়।

এই ম্যাচ জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে। গতকাল ফরাসিরা ২-০ গোলে মরক্কোকে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে।

স্পেন ও বেলজিয়ামের বিশ্বকাপে দেখা হয়েছে দুইবার। একটি করে জয় পেয়েছে দুই দল। প্রথম দেখা হয়েছিল ১৯৮৬ সালে। বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জেতে। শেষবার তাদের তারা মুখোমুখি হয়েছিল ১৯৯০ সালের গ্রুপ পর্বে। স্পেন ২-১ গোলে জিতেছিল।

চার বিশ্বকাপে বেলজিয়াম তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে, সব মিলিয়ে চতুর্থবার। আর স্পেনের জন্য কোয়ার্টার ফাইনালের স্মৃতি সুখের নয়। তারা কেবল দুইবার এই বাধা টপকাতে পেরেছে। ১৯৫০ সালে শেষ গ্রুপ পর্বে এবং ২০১০ সালে শিরোপা জয়ের পথে তারা হারায় প্যারাগুয়েকে।

শেষ ম্যাচে ডান হাঁটুর এসিএল চোটে পড়েন আমাদু ওনানা। বেলজিয়ামের এই মিডফিল্ডার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন। স্পেন দলে কেউ ইনজুরিতে নেই। বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে দুই দল।

এফএইচএম