বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ ব্যবধানের জয়ের পর রেফারিংয়ের তীব্র সমালোচনা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ইমেইল পাঠানো হয়েছে। তবে এএফএ ইঙ্গিত দিয়েছে, তারা একটি বড় ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে এবং এই ইমেইলগুলো তাদের তৈরি নয়।
চলতি বিশ্বকাপে গত ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা একপর্যায়ে মিশরের কাছে ২-০ গোলে পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল। তবে শেষ মুহূর্তের অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
এই নাটকীয় হারের পর মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ফিফার কাছে ওই ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাটেক্সিয়ার এবং অফিশিয়ালদের দলটিকে পুরো টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার দাবি জানায়।
এরই মধ্যে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা ক্যালে জানায়, ম্যাচের পর এএফএ-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো ইমেইলে লেখা হয়েছিল, ‘আর্জেন্টিনা জেতেনি এবং এই ফলাফল মূলত দুর্নীতিগ্রস্ত রেফারিং সিদ্ধান্তের ফল।’
পত্রিকাটি আরও উল্লেখ করেছে, এএফএ এর অভ্যন্তরীণ সূত্রগুলো ধারণা করছে এই ইমেইলগুলোর পেছনে মিশরীয় বংশোদ্ভূত হ্যাকারদের একটি গ্রুপ রয়েছে। পাঠানো ইমেইলগুলোতে মিশরের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করা হয়েছিল।
এই ঘটনার প্রতিক্রিয়ায় এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আপনাদের জানাতে চাই যে, আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ইমেইল পাঠানোর ঘটনা আমরা সনাক্ত করেছি, যা আমাদের টিম দ্বারা তৈরি বা অনুমোদিত নয়।’
এএফএ জনসাধারণকে অনুরোধ করেছে, ‘আমাদের অ্যাকাউন্ট থেকে সম্প্রতি পাওয়া যেকোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যাতে কোনো লিংক, অ্যাটাচমেন্ট বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, তা যেন বর্জন করা হয়।’
‘আমাদের অ্যাকাউন্টে অননুমোদিত অ্যাক্সেসের সম্ভাবনা রয়েছে, তাই ঠিক কী ঘটেছে তা স্পষ্ট করতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে আমরা কাজ করছি।’
এমএমএম/

