World Cup Football Field

বিজ্ঞাপন

আর্জেন্টিনা ম্যাচের আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড

আর্জেন্টিনা ম্যাচের আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড

সুইজারল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার জোহান মানজাম্বি। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে এখন পর্যন্ত দলের সেরা খেলোয়াড় তিনি। কিন্তু ৭২ বছর পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তাকে ছাড়াই খেলতে নামতে হচ্ছে।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় আর্জেন্টিনার সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মানজাম্বিকে পাচ্ছে না সুইসরা। সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ মুরাত ইয়াকিন।

হাঁটুর ইনজুরির কারণে শেষ ষোলোতে খেলতে পারেননি মানজাম্বি। এই চোট তাকে ফিরতে দিলো না শেষ চারে ওঠার লড়াইয়ে। তার চোট সুইস আক্রমণভাগের বড় ক্ষতি করল। ২০ বছর বয়সী এই তরুণ গ্রুপ পর্বে ২০০ মিনিট খেলে তিনটি গোল করেছেন, দুটি অ্যাসিস্টও। প্রতি ৯০ মিনিটে তার গড় ৩.৬ গোল।

মানজাম্বিকে ছাড়া প্রায় অচল সুইজারল্যান্ড। তাকে সাইডলাইনে রেখে ২৮০ মিনিটে দলটি মাত্র একটি গোল করেছে। প্রতি ৯০ মিনিটে তাদের গড় এক্সপেক্টেড গোল ১.৪।

ইয়াকিন বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, জোয়ান মানজাম্বির ইনজুরি আমাদের বড় ধরনের আঘাত করেছে। এটা ছিল সত্যিই বেদনাদায়ক। খেলার গতি তার পক্ষেই ছিল। আপনারা তার আনন্দের সঙ্গে খেলা দেখেছেন, তার সতীর্থদেরও সাড়া দিতে দেখেছেন। এই টুর্নামেন্ট চলাকালে কত সুন্দর সবকিছু চলছিল, সবাই খেয়াল করেছে। দুর্ভাগ্যবশত সে খেলতে পারবে না।’

মানজাম্বির দুই গোলে বসনিয়ার বিপক্ষে দারুণ জয় পায় সুইজারল্যান্ড। তাকে ছাড়া শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১২০ মিনিট খেলে সুইসরা গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি  শুটআউটে স্বস্তির জয় পায়। ইয়াকিকন বললেন, ‘এটা খুবই কষ্টের। কিন্তু দল হিসেবে আমরা এটা সামলে নিবো।’

সুইজারল্যান্ড সাতবারের দেখায় এখন পর্যন্ত আর্জেন্টিনাকে হারাতে পারেনি। ২০১৪ বিশ্বকাপে শেষ ষোলোতে এক্সট্রা টাইমে আর্জেন্টিনার ১-০ গোলে জেতার পর দুই দলের এটা প্রথম ম্যাচ।

শেষ পাঁচ বিশ্বকাপের চারটিতে শেষ ষোলোতে বিদায় নিয়েছিল সুইজারল্যান্ড। ১৯৫৪ সালের পর প্রথমবার তারা কোয়ার্টার ফাইনালে। আরেকটি জয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে উঠবে সুইসরা।

এফএইচএম