গতকাল বোস্টনে ফ্রান্স-মরক্কো ম্যাচ কাভার করেই কানসাস সিটির উদ্দেশ্যে যাত্রা। আগামীকাল শেষ কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। বোস্টন থেকে কানসাসের সরাসরি ফ্লাইটে আসন পাওয়া কঠিন, আবার পেলেও সেটার দাম আকাশচুম্বী। তাই মিশৌরির সেন্ট লুইসে ঘণ্টা দেড়েক যাত্রা বিরতি।
বোস্টন থেকে সেন্ট লুইসের ফ্লাইটে অর্ধেক যাত্রী কানসাসের। আর্জেন্টিনার খেলা দেখতেই তাদের রওনা। বিমানের ক্রু মানেই অল্প বা মধ্যবয়সী নারী এমনটাই ধারণা সাধারণত। সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সে ষাট বছরের বেশি বয়সী মহিলাকে ক্রু হিসেবে দেখা গেছে। তিনিও আর্জেন্টিনার সমর্থক। তাই আর্জেন্টিনার খেলা দেখতে কানসাসগামী যাত্রীদের আলাদা শুভকামনা জানালেন।
বোস্টন থেকে সেন্ট লুইস যাত্রা পথেই লস অ্যাঞ্জেলসে স্পেন ও বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল শুরু হয়। আকাশপথে সাধারণত অনেকে ঘুমিয়ে, আবার অনেকে বাইরের প্রকৃতি দেখে সময় কাটান। বিশ্বকাপ উপলক্ষে অনেকের নজর ছিল মোবাইলে ও ট্যাবে। বিশ্বকাপের জন্য অনেক এয়ারলাইন্স ওয়াইফাই সুবিধা বাড়িয়েছে। কিছু এয়ারলাইন্স সিটে বসেই স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছে।
সাউথওয়েস্ট এয়ারলাইন্সে আসনের সঙ্গে স্ক্রিন সুবিধা নেই। তবে ফ্রি ওয়াইফাই ব্যবহার করে মোবাইল অ্যাপে সহজেই খেলা দেখেছেন অনেকে। টেকনিক্যাল সমস্যার জন্য ওয়াইফাই কানেক্ট করতে পারেননি অনেকে। তাদের কেউ অন্য সিটের সামনে হাজির হয়েছেন। আবার পাইলট মাঝে মধ্যে ঘোষণা দিয়েছেন, ‘ওয়ার্ল্ড কাপ স্পেন-বেলজিয়াম জিরো-জিরো।’
বোস্টন থেকে সেন্ট লুইস আসার পথে স্পেন-বেলজিয়াম ম্যাচের প্রথমার্ধ শেষ হয়। স্পেন দুর্দান্ত খেলে প্রথম গোল পায় অল্প সময়েই। সঙ্গে সঙ্গে বিমানে কয়েকজন জোরে চিৎকার করেন, ‘গোল’। এই টুর্নামেন্টে স্পেন একমাত্র দল হিসেবে কোনো গোল হজম করেনি। কিন্তু বেলজিয়াম স্পেনকে প্রথমার্ধেই গোল শোধ দেয়। তখন একাংশে গোলের আনন্দ আরেক পাশে নিস্তব্ধতা লক্ষ করা যায়। শেষ পর্যন্ত স্পেনের জয়ে হাসিমুখে বিমান থেকে নেমেছেন ফ্লাইটের স্পেন সমর্থকরা।
এজেড/এফএইচএম

