World Cup Football Field

বিজ্ঞাপন

কেইন বনাম হালান্ড : তুলনায় গেলেন না ইংল্যান্ড অধিনায়ক

কেইন বনাম হালান্ড : তুলনায় গেলেন না ইংল্যান্ড অধিনায়ক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। দুই দলের প্রধান তারকা হ্যারি কেইন ও আর্লিং হালান্ড। দুজনের মধ্যে কে এগিয়ে, এমন প্রশ্নে ইংল্যান্ড অধিনায়ক তুলনায় গেলেন না। তার মতে, দুজনেই ভিন্ন ধরনের খেলোয়াড়।

বিশ্বকাপে আট গোল করে কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি গোল্ডেন বুটের দৌড়ে সবার উপরে। সাত গোল করে হালান্ড ও ছয় গোলে কেইন এই লড়াইয়ে আছেন।

দুজনের মধ্যে একজন বাদ পড়ে যাবেন কাল। এর আগে কেইনকে প্রশ্ন করা হলো, এই জুটির মধ্যে কে বেশি ভালো। ইংল্যান্ড অধিনায়ক বললেন, ‘এর উত্তর দেওয়া আমার পক্ষে অসম্ভব। প্রথমত আমি মনে করি আমরা একেবারে ভিন্ন ধরনের খেলোয়াড়। আমি জানি আমাদের দুজনকে স্ট্রাইকার হিসেবে দেখা হয়। কিন্তু এটা প্রায় ভিন্ন দুটি পজিশন, যদি সত্যি কথা বলি।’

এরপর হালান্ডকে প্রশংসায় ভাসালেন তিনি, ‘আর্লিং অসাধারণ, তার গোল করার রেকর্ড। শারীরিকভাবে সে একটা মেশিন, একটা দাবন। তার ফিনিশিং উচ্চ পর্যায়ের এবং অবশ্যই তার গোল করার রেকর্ডই তার পরিচয় তুলে ধরে।’

বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে এই মৌসুমে ৭৩ গোল করেছেন কেইন। হালান্ড ৪৬ বার গোল করেছেন এবং ম্যানসিটির হয়ে চার মৌসুমে তৃতীয়বার গোল্ডেন বুট জিতেছেন। কেইন বললেন, ‘আমি নিজেকে একজন ভিন্ন খেলোয়াড় হিসেবে দেখি, যদিও আমি একই সংখ্যক গোল করি। আমি হয়তো আরেকটু বেশি বল স্পর্শ করতে ও খেলায় আরেকটু বেশি জড়িত থাকতে পছন্দ করি। তবে আমি একজন পুরোদস্তুর নাইন হিসেবেও খেলতে পারি। আমার মনে হয় না নিজেদের মধ্যে তুলনা করার মতো কোনো বিষয় এটা।’

হালান্ডকে নিয়ে তার কথা, ‘খেলোয়াড় ও পেশাদার হিসেবে আমি তাকে অনেক শ্রদ্ধা করি। অবশ্যই আশা করব কাল সে চুপচাপ থাকবে। তার সাম্প্রতিক ফর্ম তাকে নিয়ে কথা বলে। সে একজন দুর্দান্ত খেলোয়াড়।’

এফএইচএম