World Cup Football Field

বিজ্ঞাপন

‘স্কালোনি দেখলে আমাকে মেরেই ফেলতেন’, কেন বললেন রোমেরো?

‘স্কালোনি দেখলে আমাকে মেরেই ফেলতেন’, কেন বললেন রোমেরো?

মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে রক্ষণ ছেড়ে হঠাৎ আক্রমণে উঠে গিয়েছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। পিছিয়ে পড়া আর্জেন্টিনাকে সমতায় ফেরানোর পথও খুলে দিয়েছিল তার সেই গোল। তবে ডিফেন্ডার হয়ে এমন আক্রমণাত্মক ভূমিকায় যাওয়া ছিল না দলের পরিকল্পনায়। বরং নিজের জায়গা ছেড়ে সামনে উঠে যাওয়ার দৃশ্য লিওনেল স্কালোনি দেখলে ‘মেরেই ফেলতেন’ বলে রসিকতা করেছেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার।

আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের গোল নিয়ে কথা বলতে এমন মন্তব্য করেন রোমেরো। যদিও তার এই মন্তব্য অবশ্য আক্ষরিক অর্থে নয়, ছিল নিছক রসিকতা। তিনি বোঝাতে চেয়েছেন, রক্ষণভাগের খেলোয়াড় হয়েও পরিকল্পনার বাইরে আক্রমণে উঠে যাওয়ায় কোচ লিওনেল স্কালোনি খুশি হতেন না। কারণ, এতে গোল হজম করার ঝুঁকি থাকে।

রোমেরো বলেন, ‘ডিফেন্ডার থেকে স্ট্রাইকার হয়ে যাওয়াটা ছিল মুহূর্তের সিদ্ধান্ত। আমরা তখন ২-০ গোলে পিছিয়ে ছিলাম। ম্যাচের পরিস্থিতিই আমাকে সামনে নিয়ে গিয়েছিল। এটা কোচিং স্টাফের পরিকল্পনা ছিল না। স্কালোনি যদি দেখতেন, আমাকে মেরেই ফেলতেন।’

সেই ম্যাচে রোমেরোর গোল থেকেই আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর শুরু। এরপর মেসি ও এনজোর পা থেকে আসে আরও দুই গোল। তাতে মুহূর্তের মধ্যেই বদলে যায় ম্যাচের ফলাফল। ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে আর্জেন্টিনা। 

তবে ম্যাচে গোল করার চেয়ে রক্ষণ সামলানোই নিজের মূল দায়িত্ব বলে মনে করেন রোমেরো। তিনি বলেন, ‘গোল করতে পারলে অবশ্যই ভালো লাগে। কিন্তু আমাদের আসল কাজ প্রতিপক্ষকে গোল করতে না দেওয়া। আক্রমণে অবদান রাখতে পারলে ভালো লাগে, তবে প্রথম দায়িত্ব রক্ষণ সামলানো।’

এদিকে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া বিশ্বকাপের শিরোপাজয়ী দল হিসেবে আর্জেন্টিনাকে আমলে নেননি। তার মতে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল থেকেই আসবে বিশ্বকাপের পরবর্তী চ্যাম্পিয়ন দল। তবে সেই মন্তব্যকে গুরুত্ব দেননি রোমেরো।

তিনি বলেন, ‘আগামী ম্যাচ নিয়েই আমাদের পুরো মনোযোগ। একজন খেলোয়াড় কী বলল, তা নিয়ে আমরা ভাবছি না। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য শুধু সুইজারল্যান্ড ম্যাচ।’

আইএইচ