নিউইয়র্ক থেকে কানসাস আরও এক ঘণ্টা পিছিয়ে। স্থানীয় সময় আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ রাত ৮টায়। অন্য বিশ্বকাপে ম্যাচের দিনে সকাল থেকে রাত অব্দি মিডিয়া সেন্টার খোলা থাকে। অবশ্য আমেরিকায় এই সেন্টার খোলে খেলা শুরুর মাত্র চার ঘণ্টা আগে। আর্জেন্টিনা ম্যাচের দিন মিডিয়া সেন্টার খোলার সঙ্গে সঙ্গেই পরিপূর্ণ।
লিওনেল স্কালোনির দল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। এই বিশ্বকাপেও দুর্দান্ত খেলছে। তাই আর্জেন্টিনার প্রতি মিডিয়ার আগ্রহ বেশি। তাদের ম্যাচের দিন মিডিয়া সেন্টার পরিপূর্ণ থাকে। কানসাস আর্জেন্টিনার বেসক্যাম্প। সেখানেই আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল, আবার সেই কানসাসেই কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আর্জেন্টিনার ম্যাচের সঙ্গে অন্য ম্যাচগুলোর পার্থক্য খুব সহজেই টের পান মিডিয়া সেন্টারে কাজ করা স্বেচ্ছাসেবকরা, ‘আর্জেন্টিনার ম্যাচের দিন সাংবাদিক অনেক বেশি থাকে। অন্য ম্যাচে এর চেয়ে অনেক কম থাকে।’

কানসাস স্টেডিয়ামে প্রবেশ করে মিনিট দশেক হাঁটতে হয় মিডিয়া সেন্টারে আসতে। মিডিয়া সেন্টারে কয়েক শ সাংবাদিকের আসন। প্রায় পুরোটাই পরিপূর্ণ। মিডিয়া সেন্টারের এক পাশে ক্যাফে, যেখানে বসে নাশতা করার ব্যবস্থা। সেখানেও বসার জায়গা নেই। তাই অনেকে বাধ্য হয়েই দাঁড়িয়েই পেশাগত কাজ করছেন।
বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিল ম্যাচে অনেক সাংবাদিকই থাকেন। তবে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে মিডিয়ার উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষণীয়। কানসাসে চার ঘণ্টা আগেই মিডিয়া সেন্টার পূর্ণ হওয়া সেই ইঙ্গিতই দেয়।
এজেড/এএইচএস

