সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নামার আগে শোক সংবাদ শুনেছে আর্জেন্টিনা। জাতীয় দলের সাবেক অধিনায়ক আন্তোনিও উবালদো রাট্টিন শনিবার ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে আর্জেন্টিনা। দুই দলই ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছে।
কিংবদন্তি মিডফিল্ডার রাট্টিন ক্লাব ও জাতীয় দলের জার্সিতে তার গড়া বর্ণাঢ্য ক্যারিয়ার আজও ফুটবল ইতিহাসের অংশ। বোকা জুনিয়র্স ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ছিলেন তিনি।
১৯৬০ এর দশকে ক্লাবটির সোনালি সময়ের নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন রাট্টিন। একই সময়ে আর্জেন্টিনা জাতীয় দলেরও নিয়মিত সদস্য ছিলেন এই মিডফিল্ডার। খেলেছেন ১৯৬২ সালের চিলি ও ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে। যদিও ১৯৬৬ বিশ্বকাপে তার বিতর্কিত বহিষ্কার আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা।
‘এল রাতা’ ডাকনামে পরিচিত রাট্টিন ছিলেন লড়াকু মানসিকতা, দৃঢ় ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণের প্রতীক। বোকা জুনিয়র্সের রক্ষণাত্মক মিডফিল্ডারদের জন্য তিনি তৈরি করেছিলেন এক নতুন মানদণ্ড। পরবর্তীতে রুবেন সুয়ে, ব্লাস আরমান্দো জিউন্তা ও মরিসিও সেরনার মতো কিংবদন্তিরা সেই পথই অনুসরণ করেন।

পুরো পেশাদার ক্যারিয়ারে মাত্র দুটি জার্সি গায়ে তুলেছিলেন রাট্টিন। ক্লাব ফুটবলে বোকা জুনিয়র্স, আর আর্জেন্টিনা জাতীয় দল। বোকার যুব একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার ১৯ বছর বয়সে অভিষেক করেন। এরপর টানা ১৫ বছর নীল-হলুদ জার্সিতেই খেলেছেন।
ক্লাবটির হয়ে ৩৮২ ম্যাচ খেলেছেন, যার সবকটিতেই ছিলেন শুরুর একাদশে। জিতেছেন ১৯৬২, ১৯৬৪ ও ১৯৬৫ সালের লিগ এবং ১৯৬৯ সালের কোপা আর্জেন্টিনা।
বোকায় দীর্ঘ সময়ের ধারাবাহিক পারফরম্যান্স তাকে আর্জেন্টিনা জাতীয় দলেরও নির্ভরযোগ্য মুখে পরিণত করে। ১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে পাঁচটি ছিল বিশ্বকাপে এবং তিনটি কোপা আমেরিকায়। জাতীয় দলের হয়ে একটি গোলও করেছিলেন এই মিডফিল্ডার।
এফএইচএম

