জুড বেলিংহাম আবারও ইংল্যান্ডের ত্রাতা হয়ে আবির্ভূত হলেন। পিছিয়ে পড়েও তার দুর্দান্ত জোড়া গোলের ওপর ভর করে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে থ্রি লায়নরা। অতিরিক্ত সময়ে গড়ানো এই ম্যাচে নরওয়ের ঐতিহাসিক রূপকথার দৌড় থামিয়ে দিল তারা।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলতে নেমে শনিবার মায়ামির তীব্র গরমের মধ্যে আন্দ্রেয়াস শিয়েল্ডারুপের গোলে সবাইকে চমকে দিয়ে প্রথমে লিড নেয় নরওয়ে।
তবে শেষ ১৬-এর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-২ ব্যবধানের স্মরণীয় জয়ে জোড়া গোল করা বেলিংহাম প্রথমার্ধের ঠিক আগ মুহূর্তে এক জাদুকরী শটে ইংল্যান্ডকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ডের একটি ফাউলের কারণে ভিএআর রিভিউয়ের পর নরওয়ের দ্বিতীয় গোল বিতর্কিতভাবে বাতিল করা হয়। এরপর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে দুই দলের খেলোয়াড়দেরই শারীরিক ও মানসিক ধৈর্যের পরীক্ষা দিতে হয়।
ম্যাচের শেষ মুহূর্তে নরওয়ের গোলরক্ষক আরিয়ান নেলান্দের একটি মারাত্মক ভুলের সুযোগ নিয়ে বেলিংহাম ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। এটি ছিল চলতি টুর্নামেন্টে তার ষষ্ঠ গোল।
বিগত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার ইংল্যান্ড মুখোমুখি হবে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের। বাংলাদেশ সময় আগামী ১৬ জুলাই রাত ১টায় হবে দ্বিতীয় সেমিফাইনাল। আগের রাতে প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেন মুখোমুখি হবে।
এফএইচএম

