সেমিতে উঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে বড় পরীক্ষা দিচ্ছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নরা শুরুতে লিড পেলেও সেখানে সমাতে টানেন সুইসরা। তবে ম্যাচের উত্তেজনার মাঝে আলোচনার কেন্দ্রে মেসি ও রেফারি জোয়াও পিনহেইরোর বাকবিতণ্ডা। প্রশ্ন উঠেছে, রেফারিকে আসলে কী বলেছিলেন মেসি?
ম্যাচের এক পর্যায়ে পর্তুগিজ রেফারির সঙ্গে মুখোমুখি অবস্থানে দেখা যায় মেসিকে। রেফারির একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি নিজের বিরক্তি প্রকাশ করেন। রেফারির উদ্দেশ্যে মেসি বলেন, ‘ভালোভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলেছি।’
এর আগে ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে ডান চোখে আঘাত পান মেসি। পানিবিরতির সময় দলের চিকিৎসকরা তার চোখে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তবে চোট তাকে থামাতে পারেনি। ম্যাচে একের পর এক সুযোগ তৈরি করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। যদিও গোলের দেখা পাননি তিনি।
তবে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলে অবদান ছিল মেসির। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট করে দলকে এগিয়ে দেন তিনি। সেই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার তালিকায় ব্রাজিল কিংবদন্তি পেলের রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
আইএইচ

