গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হলেও নকআউট পর্বের প্রতিটি ম্যাচে বেশ বেগ পেতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ম্যাচ যখন ১-১ গোলে সমতায়, তখনই ত্রাতা হয়ে আসেন হুলিয়ান আলভারেজ। ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতলেও আলভারাজের করা গোলটি ছিল মূলত জয় নির্ধারণী।
সুইসদের হারানোর পর সাংবাদিকদের সামনে কথা বলেন এই তারকা ফুটবলার। নিজের পারফরম্যান্স ছাপিয়ে মেসিকে নিয়েই আগ্রহ তার। লিওনেল মেসিকে আরও একবার শিরোপার স্বাদ এনে দিতে চান বলে জানান তিনি।
আলভারাজ বলেন, ‘লিওনেল মেসিকে আবারও বিশ্বকাপের শিরোপা এনে দিতে আমরা সবকিছুই করব। তার জন্য প্রতিটি ম্যাচটি যুদ্ধের মতো। সে গোল করলে আমার প্রথম কাজটিই হচ্ছে তাকে জড়িয়ে ধরা।’
তিনি আরও বলেন, ‘আমার গোলের পরই স্বস্তি পেয়েছি। আমরা পরিসংখ্যানে এগিয়ে থেকেই মাঠে নেমেছিলাম। কিন্তু মাঠে পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল হয়ে যায়। আমরা ম্যাচের শেষ পর্যন্ত লড়ে গেছি। আর চাপের মধ্যে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছি।’
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখান মিশনেই উত্তর আমেরিকা বিশ্বকাপে অংশ নিয়েছে আলবিসেলেস্তেরা। ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালপর্বও উতরে গেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর মাত্র দুটো ম্যাচ জিততে পারলেই চতুর্থ শিরোপা ঘরে তুলবেন মেসিরা। আপাতত আর্জেন্টিনার সামনে ইংল্যান্ড বাধা।
এমএমএম/

