নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছেন জর্ডান পিকফোর্ড। এই গোলরক্ষক বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পিটার শিলটনকে।
নরওয়ের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে পিকফোর্ডের ১৮তম ম্যাচ, যা ইংল্যান্ডের কোনো পুরুষ ফুটবলারের সর্বোচ্চ। একই ম্যাচে একাদশে জায়গা পেয়ে শিলটনের ১৭ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছেন অধিনায়ক হ্যারি কেইনও।
২০১৮ বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামেন পিকফোর্ড। সেই আসরেই সুইডেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলের জয়ে প্রথম ক্লিন শিটের দেখা পান তিনি।
এ পর্যন্ত বিশ্বকাপে খেলা ১৭ ম্যাচে ৬টি ক্লিন শিট রেখেছেন পিকফোর্ড। ইংল্যান্ডের গোলরক্ষকদের মধ্যে তার চেয়ে বেশি ক্লিন শিট আছে কেবল পিটার শিলটনের (১০)। কিংবদন্তি গর্ডন ব্যাংকসেরও ক্লিন শিট ছিল ৬টি।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩২টি সেভ করেছেন পিকফোর্ড। ইংল্যান্ডের হয়ে এই তালিকায় তার ওপরে আছেন শুধু গর্ডন ব্যাংকস (৩৩) ও পিটার শিলটন (৫৪)। চলতি আসরেই ব্যাংকসকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এভারটনের এই গোলরক্ষকের।
২০১৭ সালে জার্মানির বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রীতি ম্যাচে ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের পর জাতীয় দলের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন পিকফোর্ড। নরওয়ের বিপক্ষে ম্যাচটি ছিল তার ৯০তম আন্তর্জাতিক ম্যাচ। আগের ৮৯ ম্যাচে ৪৪টি ক্লিন শিট রেখেছেন তিনি, আর গোল হজম করেছেন ৫৯টি—প্রতি ম্যাচে গড়ে মাত্র ০.৬৬ গোল।
এইচজেএস

