শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস লড়াই। ডালাসে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্য ম্যাচে সুইজারল্যান্ডকে বিদায় করে শেষ চারে পা রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনাও। আর আগেই বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কেটেছিল ফ্রান্স ও স্পেন।
এই চার পরাশক্তির মধ্যে কার হাতে উঠছে ট্রফি, তা নিয়ে ক্রীড়া পরিসংখ্যান বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টা অ্যানালিস্টের সুপারকম্পিউটার তাদের গাণিতিক বিশ্লেষণ এবং সম্ভাবনা প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ফ্রান্সের। আর সবচেয় কম আর্জেন্টিনার।
প্রথম সেমিফাইনাল: ফ্রান্স বনাম স্পেন
চলতি বিশ্বকাপের সবচেয়ে জমজমাট ও হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে এটি। অপ্টা সুপারকম্পিউটারের মতে, এই সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠার লড়াইয়ে কিলিয়ান এমবাপের ফ্রান্স কিছুটা এগিয়ে রয়েছে। ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ। আর স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩০ শতাংশ।
দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা
হ্যারি কেইন-বেলিংহ্যামদের ইংল্যান্ড এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার মধ্যকার লড়াইটিও হতে যাচ্ছে রোমাঞ্চকর। সুপারকম্পিউটার এই ম্যাচের সমীকরণকে প্রায় ফিফটি-ফিফটি হিসেবে দেখছে, যেখানে ইংলিশরা সামান্য ব্যবধানে এগিয়ে। ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ। আর আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ।
কার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু?
ফ্রান্স
কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের দুর্দান্ত ফর্ম এবং শক্তিশালী স্কোয়াডের কারণে অপ্টা সুপারকম্পিউটার ফরাসিদেরই এবার ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার মানছে। সুপারকম্পিউটার বলছে, ফ্রান্সের বিশ্বকাপের শিরোপা জেতার সম্ভাবনা ৩৪.০৫ শতাংশ।
স্পেন
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেললেও সেমিফাইনালে ফ্রান্স থাকায় স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কিছুটা কমেছে। এরপরও তাদের সম্ভাবনা রয়েছে ২৩.৪৫ শতাংশ।
ইংল্যান্ড
টুর্নামেন্ট যত এগোচ্ছে, ইংলিশদের ট্রফি জয়ের গ্রাফ তত ওপরে উঠছে। গ্রুপ পর্বের তুলনায় নকআউটে দুর্দান্ত খেলা হ্যারি কেন ও জুড বেলিংহামের দল এবার ‘ইটস কামিং হোম’ স্লোগানকে বাস্তবে রূপ দেওয়ার খুব কাছাকাছি। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ।
আর্জেন্টিনা
সেমিফাইনালিস্ট চার দলের মধ্যে চ্যাম্পিয়ন শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে পেছনে অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ।
এমএমএম/

