বিজ্ঞাপন

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই ইতিহাস গড়বেন মার্তিনেজ

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই ইতিহাস গড়বেন মার্তিনেজ

বিশ্বকাপের মঞ্চে গোলকিপারদের কীর্তি সাধারণত আলোচনায় আসে সেভ, পেনাল্টি কিংবা শিরোপা জয়ের মুহূর্তে। কিন্তু এমিলিয়ানো মার্তিনেজ এবার ছুঁতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবলের এমন এক রেকর্ড, যা প্রায় অর্ধশতক বছর ধরে ছিল অক্ষত। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই ৪৪ বছরের পুরোনো সেই ইতিহাস নতুন করে লিখবেন ‘দিবু’।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে মাঠে নেমে ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি উবালদো ফিল্লোলের ১৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন মার্তিনেজ। আর আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে একাদশে জায়গা পেলেই তিনি হয়ে যাবেন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলকিপার।

২০২২ কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। ফিল্লোলও খেলেছিলেন ঠিক ১৩টি ম্যাচ—১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপ মিলিয়ে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সেই রেকর্ড অক্ষত ছিল। এবার সেটি এককভাবে নিজের করে নেওয়ার অপেক্ষায় মার্তিনেজ।

এই অবস্থানে পৌঁছানোর পথে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার আরেক বিশ্বকাপ ফাইনালিস্ট গোলকিপার সার্জিও রোমেরোকে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন ‘চিকিতো’ রোমেরো। এরপর ফিল্লোলের পাশে জায়গা করে নেন মার্তিনেজ, আর এখন তাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছেন।

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে গোলকিপারদের তালিকায় এরপর আছেন নেরি পুম্পিদো, যিনি ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ মিলিয়ে খেলেছেন ৯ ম্যাচ। সার্জিও গোইকোচিয়া ও আন্তোনিও রোমার নামের পাশে রয়েছে ৬টি করে ম্যাচ। রবার্তো আবোন্দানৎসিয়েরি ও দানিয়েল কার্নেভালি খেলেছেন ৫টি করে ম্যাচ।

সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৯ জন গোলকিপার মাঠে নেমেছেন, তবে ফিল্লোল ও মার্তিনেজের উচ্চতায় পৌঁছাতে পারেননি কেউ।

রেকর্ডের সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, মার্তিনেজের অবস্থানও বদলে দিচ্ছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে। ফিল্লোল ও পুম্পিদোর মতো বিশ্বকাপজয়ী কিংবদন্তিদের পাশে এখন উচ্চারিত হচ্ছে তার নাম। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হওয়ার পর চলতি আসরেও তিনি আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানের প্রধান অস্ত্রগুলোর একজন।

এইচজেএস