বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের হতাশা কাটতে না কাটতেই নতুন এক প্রতিযোগিতায়ও হেরে বসলেন নেইমার। এবার ফুটবল মাঠে নয়, লাস ভেগাসের পোকার টেবিলে থামল তার পথচলা। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পোকার আসর ওয়ার্ল্ড সিরিজ অব পোকায় অংশ নিয়ে প্রথম দিনেই বিদায় নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর অবসর সময়কে কাজে লাগিয়ে পোকায় অংশ নেন নেইমার। ফুটবলের বলের বদলে এবার হাতে তুলে নেন পোকারের চিপস। ১০ হাজার মার্কিন ডলার এন্ট্রি ফি’র ইভেন্টে খেলতে নামেন তিনি। তবে শুরুতেই পরাজয় বরণ করে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
উল্লেখ্য, ওয়ার্ল্ড সিরিজ অব পোকার হলো এক ধরণের পেশাদার কার্ড গেম টুর্নামেন্ট সিরিজ। যেখানে বিশ্বের সেরা পোকার খেলোয়াড়রা অংশ নেন। এখানে টাকা দিয়ে অংশ নেওয়া এবং পুরস্কারের জন্য প্রতিযোগিতা থাকে। অনেক দেশে এই খেলাকে জুয়া হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
লাস ভেগাসের হর্সশু অ্যান্ড প্যারিস হলে নেইমার এমন টুর্নামেন্টেই অংশ নিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন ব্রাজিলের পরিচিত পোকার খেলোয়াড় আন্দ্রে আক্কারি ও রাফায়েল মোরায়েস।
আয়োজকরাও নেইমারকে বিশেষ অভিজ্ঞতা দেওয়ার সুযোগ করে দেয়। তবে পোকার টেবিলে তার যাত্রা দীর্ঘ হয়নি। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা প্রথম দিনের খেলাতেই ছিটকে যান। ২৬ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত চলা এবারের আসরে মোট ১০০টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
ফলাফল পক্ষে না গেলেও নেইমারের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত পোকার খেলোয়াড় ফারাজ জাকা বলেন, ‘নেইমার ভালো খেলেছেন এবং কয়েকটি দারুণ ব্লাফও করেছেন।’ অর্থাৎ শুধু তারকা হিসেবে নয়, প্রতিযোগী হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
পোকারের সঙ্গে নেইমারের সম্পর্ক অবশ্য নতুন নয়। গত কয়েক বছর ধরে এই টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন তিনি। ২০২২ সালে একটি টুর্নামেন্টে ২২০০ প্রতিযোগির মধ্যে ৪৯তম হয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিলেন নেইমার।
আইএইচ
