World Cup Football Field

বিজ্ঞাপন

‘ইংল্যান্ডকে দেখে অবাক হওয়ার কিছু নেই’, কেন বললেন আলভারেজ

‘ইংল্যান্ডকে দেখে অবাক হওয়ার কিছু নেই’, কেন বললেন আলভারেজ

বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ইতিহাস, আবেগ আর প্রতিদ্বন্দ্বিতার কারণে ম্যাচটি ঘিরে উত্তেজনার কমতি নেই। তবে ইংলিশদের হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। বরং ইংল্যান্ডের শেষ চারে ওঠা তার কাছে মোটেও বিস্ময়কর নয়।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলভারেজ বলেন, ‘ইংল্যান্ড খুব শক্তিশালী একটি দল। তাদের দলে বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড় রয়েছে। তাই তারা সেমিফাইনালে উঠেছে, এতে অবাক হওয়ার কিছু নেই। আমরা জানি, ম্যাচটি মোটেও সহজ হবে না।’

ইংল্যান্ডকে সমীহ করলেও আর্জেন্টিনার লক্ষ্য ফাইনালে জায়গা করে নেওয়া। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা আরেকটি বিশ্বকাপের ফাইনালে ওঠার খুব কাছাকাছি। আর্জেন্টিনাকে সর্বোচ্চ জায়গায় রাখতে আমরা মাঠে সবকিছু উজাড় করে দেব।’

দুই দলের এই লড়াইকে ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’র স্মৃতি এখনও তরতাজা। তবে সেই আবেগকে মাঠে প্রভাব ফেলতে দিতে চান না আলভারেজ।

ইংল্যান্ড ম্যাচ নিয়ে আলভারেজ বলেন, ‘আমরা সবাই জানি কেন ম্যাচটি বিশেষ। সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে শেষ পর্যন্ত এটি একটি ম্যাচই।’

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার নকআউট পর্বের পথ সহজ ছিল না। তবে কঠিন পরিস্থিতিতে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে আত্মবিশ্বাসী আলভারেজ। তিনি আরও বলেন, ‘আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু এই দলের সবচেয়ে বড় শক্তি হলো যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করি।’

লিওনেল মেসির সঙ্গে খেলতে পারাকে নিজের স্বপ্নপূরণ বলেও উল্লেখ করেন আলভারেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘ছোটবেলা থেকে মেসির খেলা দেখে বড় হয়েছি। এখন তার সঙ্গে একই দলে খেলতে পারা এবং জাতীয় দলের হয়ে বড় কিছু অর্জনের লড়াইয়ে তাকে সাহায্য করতে পারা আমার জন্য স্বপ্নপূরণের মতো।’

আইএইচ