World Cup Football Field

বিজ্ঞাপন

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে যাদের চান স্কালোনির গুরু স্পেন কোচ

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে যাদের চান স্কালোনির গুরু স্পেন কোচ

মাঠজুড়ে দুর্দান্ত নিয়ন্ত্রণ ও গোছালো পারফরম্যান্সে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। তাদের ট্যাকটিক্স ও ছন্দময় ফরমেশনের সামনে টুর্নামেন্টজুড়ে প্রতিপক্ষকে খাবি খাওয়ানো এমবাপে-দেম্বেলেদের আক্রমণভাগ অসহায় হয়ে পড়েছিল। ফ্রান্স-বাধা পেরিয়ে ২০১০ বিশ্বচ্যাম্পিয়নরা এখন ফাইনালে প্রতিপক্ষের অপেক্ষায়। যেখানে আর্জেন্টিনাকে পাওয়ার আকাঙ্ক্ষা জানিয়েছেন স্পেন কোচ।

স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। আরও বিশেষভাবে বললে স্কালোনির প্রশিক্ষক ছিলেন এই স্প্যানিশ কোচ। লা ফুয়েন্তের স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কোচিং কোর্সে স্কালোনিসহ বর্তমানের প্রখ্যাত অনেক কোচকে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা আছে। 

আর্জেন্টিনা ও ইংল্যান্ড আজ (বুধবার) দিবাগত রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। ফলে প্রথম ফাইনালিস্ট স্পেনের প্রতিপক্ষ নির্ধারিত হবে আটালান্টার এই ম্যাচে। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে জানান, ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনা যে প্রতিপক্ষই হোক না কেন, ম্যাচটি হবে অত্যন্ত কঠিন। তার মতে, দুটি সেমিফাইনালই ছিল ‘আগাম ফাইনাল’।

দুটি দলকেই সম্মান দেখালেও, শিষ্য স্কালোনির সঙ্গে ফাইনালে দেখা হলে বাড়তি আনন্দ দেবে স্প্যানিশ কোচকে, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে ভালো লাগবে। তবে ইংল্যান্ডও খুব কঠিন প্রতিপক্ষ হবে। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের সবাই সেমিফাইনালে উঠেছে।’

dhakapost
স্পেনে কোচিং কোর্স করাকালে লা ফুয়েন্তের সঙ্গে স্কালোনি

এর আগে ইংল্যান্ড ম্যাচের আগে স্প্যানিশ কোচ লা ফুয়েন্তের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা করে স্কালোনি বলছেন, ‘লুইসের জন্য আমি খুবই খুশি। তিনি এটি প্রাপ্য। তিনি অসাধারণ একজন মানুষ এবং সব সময় আমাকে সাহায্য করেছেন। এরপর কী হয় দেখা যাক। তিনি এই সাফল্যের পুরোপুরি যোগ্য। ম্যাচ শেষে আমি তাকে ফোন করব কি না, সেটা নির্ভর করবে আমরা কী ফল করি তার ওপর।’

আর্জেন্টিনা জিতলে ফাইনালে তো লা ফুয়েন্তে-স্কালোনির সাক্ষাৎ হচ্ছে–ই। তবে হারলেই কেবল তার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা আর্জেন্টাইন কোচের, ‘(সেমিফাইনালে) যদি জিতি, তাহলে হয়তো ফোন করব না। যদি হারি, তাহলে হয়তো তার সাহায্য চাইব। তবে আমার আশা– ফাইনাল শেষ হওয়ার আগে তাকে ফোন করার প্রয়োজন হবে না।’

এদিকে, ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগকে নিস্তেজ করে জয় তুলে নেওয়ায় বেশ তৃপ্ত স্পেনের কোচ, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু এমন একটি ম্যাচে তাদের হারানো ভিন্ন অনুভূতি, এটি বাড়তি অর্জন। এই খেলোয়াড়রা সবকিছুই প্রাপ্য। তাদের নিষ্ঠা, আত্মত্যাগ আর প্রতিভা অসাধারণ। আজ তাদের খেলতে দেখা সত্যিই ছিল এক অনন্য দৃশ্য।’

এএইচএস