World Cup Football Field

বিজ্ঞাপন

‘এমন প্রশ্ন করা ঠিক হয়নি’, কেন বললেন টুখেল

‘এমন প্রশ্ন করা ঠিক হয়নি’, কেন বললেন টুখেল

জুড বেলিংহামকে করা প্রশ্নকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। বক্তব্যের ইতিবাচক অংশ বাদ দিয়ে শুধু সমালোচনার অংশ তুলে ধরে প্রশ্ন করাতেই অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম হয়েছে বলে মনে করছেন এই জার্মান কোচ। তবে এমন মন্তব্য ঘিরে বেলিংহামের সঙ্গে তার সর্ম্পক আরও দৃঢ় হয়েছে বলে দাবি করছেন টুখেল।

নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জয়ের পরও দলের পারফরম্যান্স নিয়ে কিছু সমালোচনা করেছিলেন ইংলিশ কোচ। যদিও একই সঙ্গে বেলিংহামের পারফরম্যান্সকে ‘বিশ্বমানের’ বলেও প্রশংসা করেছিলেন তিনি। কিন্তু সংবাদমাধ্যমে শুধু সমালোচনামূলক মন্তব্যই বেলিংহামের সামনে তুলে ধরা হয়।

বিষয়টি নিয়ে টকস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে টুখেল বলেন, ‘আমি বলেছিলাম, বেলিংহাম বিশ্বমানের খেলা খেলেছে, তার বিশ্বমানের কিছু মুহূর্ত ছিল। কিন্তু সেসব বাদ দিয়ে যদি শুধু বলা হয়, কোচ বলেছেন তুমি ঢিলেঢালা খেলেছ, তাহলে একজন খেলোয়াড়ের কাছ থেকে আর কী প্রত্যাশা করবেন?’

ইংল্যান্ড কোচের মতে, ১২০ মিনিটের কঠিন নকআউট ম্যাচ খেলার পর এমন প্রশ্নের মুখে পড়লে যে কোনো ফুটবলারের পক্ষ থেকেই আবেগপ্রবণ প্রতিক্রিয়া আসতে পারে।

থমাস টুখেল বলেন, ‘এমন পরিস্থিতিতে প্রশ্নটি অন্যায্য ছিল। কারণ আমার ইতিবাচক মন্তব্যগুলো বাদ দিয়ে শুধু সমালোচনার অংশ তুলে ধরা হয়েছিল। যে খেলোয়াড় মাত্র ১২০ মিনিট নিজের সর্বস্ব উজাড় করে খেলেছে, তার কাছে এমন প্রশ্ন করা ঠিক হয়নি।’

বেলিংহামের প্রতিক্রিয়ার পর দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেসব উড়িয়ে দিয়ে টুখেল বলেন, ‘এগুলো কে এত বড় করে দেখাচ্ছে, বুঝতে পারি না। বড় করে দেখানোর মতো কিছুই নেই। যদি কিছু হয়ে থাকে, সেটা শুধু গণমাধ্যমেই হয়েছে।’

বেলিংহামের সঙ্গে সম্পর্ক নিয়ে টুখেল বলেন, ‘আমাদের সম্পর্ক আগের চেয়ে আরও ভালো। মাঠেও সেটা দেখা যায়। গত কয়েক দিনে দলের শক্তি, মানসিকতা ও পরিবেশ ছিল দারুণ। আমরা সেমিফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত।’

আইএইচ