বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর শেষ হতে চলেছে। ৪৮ দল থেকে বাকি রইল মাত্র দুই দল। এবার হবে শিরোপার লড়াই।
তিন দেশে ছয় সপ্তাহের টুর্নামেন্ট শেষ হওয়ার পথে। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে নাটকীয় প্রত্যাবর্তনে ফাইনালের দ্বিতীয় দল চূড়ান্ত হয়েছে। ইংল্যান্ডকে সেমিফাইনালে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা।
আগের দিন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে উঠেছিল স্পেন। তাদের প্রতিপক্ষ কে হচ্ছে, সেটা জানার অপেক্ষায় ছিল তারা। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ গোল করে সেই অপেক্ষার অবসান ঘটালেন।
আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ ইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে শিরোপার লড়াই। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি শিরোপা জয়ের জন্য নামবে আর্জেন্টিনা। আর ২০১০ সালের পর প্রথম ও নিজেদের দ্বিতীয় ট্রফি জয়ের মিশন স্পেনের।
আগের দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালের দুই পরাজিত দল ইংল্যান্ড ও ফ্রান্স।
এফএইচএম

