World Cup Football Field

বিজ্ঞাপন

স্পেনকে নিয়ে আগেই কাজ শুরু করেছিল আর্জেন্টিনা

স্পেনকে নিয়ে আগেই কাজ শুরু করেছিল আর্জেন্টিনা

পশ্চিম এশিয়ার অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতি, ভ্রমণ নিষেধাজ্ঞা ও দুই ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা ও কনমেবল) মধ্যকার মতবিরোধের কারণে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ‘ফিনালিসিমা’ ম্যাচটি বাতিল করা হয়েছিল। ২৭ মার্চ কাতারে ম্যাচটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর মাঠে গড়ায়নি। কিন্তু ভাগ্যের কী পরিহাস, দুই দলের দেখা হচ্ছে আরও বড় মঞ্চে, আরও বড় ক্ষণে।

বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেন এবং ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে একে অন্যের সঙ্গে লড়বে ইউরোপ ও দক্ষিণ আমেরিকান কোনো বর্তমান চ্যাম্পিয়নরা। লামিন ইয়ামাল ও লিওনেল মেসি প্রথমবার মুখোমুখি হবেন। 

সব প্রতিযোগিতা ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মিলিয়ে স্পেন ও আর্জেন্টিনা ১৪ বার মুখোমুখি হয়েছে। দুই দলই ছয়টি করে ম্যাচ জিতেছে, বাকি দুটি ড্র হয়েছে। চলতি বিশ্বকাপে কে এগিয়ে যাবে, তা সময় বলে দেবে। শেষবার স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে। লা রোহারা গোল উৎসব করেছিল। তখন স্কালোনি কোচ ছিলেন না। হোর্হে সাম্পাওলির অধীনে ৬-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ সামনে রেখে সেবার অবিশ্বাস্য সেই জয় পেয়েছিল স্পেন।

ওই হারের পর থেকে দুই দলই অনেকটা বদলে গেছে। আর্জেন্টিনা দুটি কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছে। স্পেন তাদের ঝুলিতে পুরেছে একটি ইউরো চ্যাম্পিয়নশিপ। দুই দলই হয়ে উঠেছে জায়ান্ট। বিশ্বকাপে প্রথমবার কোনো নকআউট ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এক ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষা করতেই পারেন ভক্ত-সমর্থকরা।

Spain v Argentina result, video, highlights, report, scores, goals: Spain's  emphatic WC statement in Argentina demolition

ইংল্যান্ডকে হারানোর পর স্কালোনি জানিয়েছেন যে, আর্জেন্টিনা দল হুট করে নয়, বরং বেশ আগে থেকেই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে স্পেনের খেলার ধরন ও কৌশল নিয়ে কাজ শুরু করেছিল। ফ্রান্সের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে আসায় স্পেনের শক্তির জায়গাকে পূর্ণ সম্মান জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ। স্পেনের খেলার শৈলী সবার জানা থাকলেও, তাদের রুখে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মুকুট ধরে রাখতে আর্জেন্টিনা দল যে মানসিকভাবে শতভাগ প্রস্তুত, তা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

স্কালোনি বলেছেন, ‘স্পেন একটি দুর্দান্ত দল এবং তারা ফ্রান্সকে খুব ভালোভাবে হারিয়েছে। আমরা ইতিমধ্যে গত মার্চ মাসেই তাদের খেলা বিশ্লেষণ করেছিলাম। তারা একটি চমৎকার দল হিসেবে নিজেদের ধরে রেখেছে এবং সবাই জানে তারা কেমন খেলে। আমরা তাদের মুখোমুখি হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

এফএইচএম