World Cup Football Field

বিজ্ঞাপন

মেসিকে থামাতে ইয়ামালের কাছে আইশোস্পিডের আকুতি

মেসিকে থামাতে ইয়ামালের কাছে আইশোস্পিডের আকুতি

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা যেন মানতেই পারছেন না জনপ্রিয় মার্কিন ইউটিউবার আইশোস্পিড। ক্রিস্টিয়ানো রোনালদোর কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই স্ট্রিমার এবার মেসির শিরোপা জয় আটকাতে স্পেনের লামিনে ইয়ামালের দ্বারস্থ হয়েছেন।

ফুটবল পাড়ায় পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটরের চাওয়া, ইয়ামাল যেন লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা থেকে থামান। বুধবার নিজের ইউটিউব লাইভে আইশোস্পিড বলেন, ‘তোমার কাঁধে এখন অনেক বড় দায়িত্ব। লামিন ইয়ামাল, এই বার্তাটি তোমার জন্য। পুরো মনোযোগ দাও। প্লিজ! পোর ফাভোর, (দয়া করে) লামিন।’

এরপরই রোনালদো-ভক্তদের পক্ষ থেকে ইয়ামালের কাছে বিশেষ আবেদন জানান তিনি। স্পিড বলেন, ‘আমাকে এই বিপর্যয় থেকে বাঁচাও। যদি মেসি আবার বিশ্বকাপ জিতে যায়, তাহলে রোনালদোর ভক্ত হিসেবে আমার আর কিছুই বলার থাকবে না। তাই লামিন ইয়ামাল, এবারের বিশ্বকাপ জিতে আমাদের রোনালদো-ভক্তদের বাঁচাও।’

রোনালদোর প্রতি আইশোস্পিডের সমর্থন নতুন নয়। পর্তুগিজ মহাতারকার খেলা দেখতে তিনি বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন। রোনালদোর গোলের পর লাইভ স্ট্রিমে আবেগাপ্লুতও হয়েছেন বহুবার। তার অনলাইন পরিচয়ের বড় অংশজুড়েই রয়েছে রোনালদোর প্রতি অকুণ্ঠ সমর্থন।

এবারের বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর মেসির আর্জেন্টিনা ফাইনালে ওঠায় আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্পিড। কারণ, আর্জেন্টিনা শিরোপা জিতলে মেসির বিশ্বকাপ সংখ্যা হবে দুটি। অন্যদিকে তার প্রিয় ফুটবলার রোনালদো ক্যারিয়ার শেষ করবেন কোনো বিশ্বকাপ ছাড়াই।

এদিকে পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার বিপক্ষে একের পর এক দলকে সমর্থন করেও সফল হননি আইশোস্পিড। নকআউট পর্বে তিনি কেপ ভার্দে, মিসর ও ইংল্যান্ডের পক্ষে ছিলেন। এমনকি সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ‘রিভার্স জিংক্স’-এর আশায় আর্জেন্টিনার জার্সি পরে লাইভেও হাজির হয়েছিলেন। কিন্তু তাতেও আর্জেন্টিনার জয় থামেনি।

এবার তাই তার সব আশা স্পেন ও লামিন ইয়ামালকে ঘিরে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন মাত্র একটি গোল হজম করে ফাইনালে উঠেছে। সেই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী তারকা ইয়ামাল। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার জয় আটকে দিতে ইয়ামালের কাছে কাকুতি-মিনতি করছেন আইশোস্পিড।

আইএইচ