World Cup Football Field

বিজ্ঞাপন

কেন বার্কোর মাথায় আঘাত করেন বেলিংহ্যাম, কী ঘটেছিল?

কেন বার্কোর মাথায় আঘাত করেন বেলিংহ্যাম, কী ঘটেছিল?

চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর মাঠেই বুনো উল্লাসে মাতে আর্জেন্টিনার ফুটবলাররা। সেই মুহূর্তেই চরম উত্তেজনা ছড়াল অন্য এক ঘটনায়। ফাইনাল নিশ্চিত করার আনন্দ উদযাপনের মধ্যেই আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ভালেন্তিন বার্কোর ওপর চড়াও হন ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম।

ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের সঙ্গে উদযাপনে শামিল হয়েছিলেন বার্কো। পরাজয়ের বেদনায় নীল রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহ্যাম তখন রাজ্যের হতাশা নিয়ে মাঠ ছাড়ছিলেন। হুট করেই আর্জেন্টিনার উদযাপনের ভেতর ঢুকে পড়েন তিনি এবং বার্কোর মাথায় আঘাত করে বসেন।

বোকা জুনিয়র্সের সাবেক তারকা বার্কোও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখান এবং বেলিংহ্যামকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তবে পরিস্থিতি বেশিদূর গড়ানোর আগেই সতীর্থরা এসে দুজনকে আলাদা করে ফেলেন। আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিতের উৎসবের মধ্যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি আর বেশিদূর গড়ায়নি। 

ম্যাচে শুরুতে অ্যান্টনি গর্ডনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বিশ্বচ্যাম্পিয়নরা। এঞ্জো ফার্নান্দেজের বুলেট গতির শটে সমতায় ফেরার পর, ডান পায়ে নেওয়া লিওনেল মেসির এক ক্রস থেকে হেডে চমৎকার গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন লাউতারো মার্টিনেজ। 

এই জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল লিওনেল মেসিরা। শিরোপা নির্ধারণী লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইউরোপসেরা স্পেন। আগামী ১৯ জুলাই রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মেগা ফাইনাল।

এফআই