বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হৃদয়ভাঙা হারের পরও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের চোখে ভবিষ্যতের স্বপ্ন এখনও বেঁচে আছে। তবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন কি না তা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি তিনি।
আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ২-১ ব্যবধানে হেরে যায় থমাস টুখেলের দল। ফলে ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ইংলিশরা।
ম্যাচ শেষে পরের বিশ্বকাপে খেলা নিয়ে ৩২ বছর বয়সী কেইন বলেন, 'এটা নিয়ে কথা বলার জন্য এখনো অনেক সময় আছে। আমি সবসময় বছর ধরে এগোই এবং দেখি নিজেকে কেমন করতে পারছি।'
২০৩০ বিশ্বকাপের আগে নিজেকে নিয়ে ভাববেন কেইন। ফিটনেস, ফর্ম সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। তবে জাতীয় দলের প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার, 'জাতীয় দলই আমার সবচেয়ে বড় গর্ব। দেশের হয়ে খেলাটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করি।'
কেইন অবশ্য উদাহরণ হিসেবে তুলে এনেছেন লিওনেল মেসির নাম। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে চলেছেন মেসি। এ প্রসঙ্গে কেইন বলেন, 'লিওকে দেখুন, ৩৯ বছর বয়সেও সে সর্বোচ্চ পর্যায়ে খেলছে। তাই আমি কখনও নিজের জন্য সময় বেধে দিতে চাই না। তবে এই মুহূর্তে আমার ভাবনা শুধু এই কঠিন হারটা মেনে নেওয়া।'
চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ৬ গোল করেছেন কেইন। সামনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ থাকায় গোল্ডেন বুট জয়ের দৌড়েও এখনও আছেন তিনি। যদিও বর্তমানে ৮ গোল করে শীর্ষে রয়েছেন কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি।
এইচজেএস

