World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার হওয়ার দৌড়ে এগিয়ে যারা

বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার হওয়ার দৌড়ে এগিয়ে যারা

বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রতিভার ঝলক দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন একঝাঁক তরুণ ফুটবলার। ২১ বছরের কম বয়সী খেলোয়াড়দের মধ্যে পারফরম্যান্স, দক্ষতা ও দলের সাফল্যে অবদানের ভিত্তিতে দেওয়া হয় সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। ফিফার এই পুরস্কারের দৌড়ে এবার আছেন বেশ কয়েকজন সম্ভাবনাময় তারকা।

২০০৬ সাল থেকে চালু হওয়া এই পুরস্কারের সর্বশেষ বিজয়ী আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তবে এবারের আসরে সেরা উদীয়মান ফুটবলার হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় আছেন স্পেনের দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সি।

ইউরোপীয় চ্যাম্পিয়নদের হয়ে ফাইনালে উঠেছেন তারা। দলের সাফল্যে নিজেদের অবদান রাখায় দুজনকেই অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

এছাড়া তালিকায় রয়েছেন মেক্সিকোর গিলবার্তো মোরাও। এবারের বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ছিলেন তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপে মেক্সিকোর হয়ে মাঠে নামা সবচেয়ে কম বয়সী ফুটবলারও হয়েছেন মোরো। ইকুয়েডরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে পেলেকে ছুঁয়েছেন তিনি।

ফ্রান্সের দেজিরে দুয়েও এই পুরস্কারের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনায় থাকছেন। দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে অবদান রাখা এই তরুণ ফরোয়ার্ডের পাশাপাশি ইংল্যান্ডের সেমিফাইনালিস্ট নিকো ও'রিলিও রয়েছেন আলোচনায়। তবে শেষ চারে বিদায় নেওয়ায় কিছুটা পিছিয়ে থাকছেন তারা।

মরক্কোর মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিও এবারের বিশ্বকাপে নজর কেড়েছেন। ফ্রান্সের ক্লাব ফুটবলে আগেই নিজের প্রতিভার জানান দেওয়া এই তরুণ সম্প্রতি লিগ ওয়ানে ৫০ ম্যাচ খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন। ফলে উদীয়মান ফুটবলারের তালিকায় থাকছেন তিনিও।

তবে স্পেনের ফাইনালে ওঠার পথে ইয়ামাল ও কুবার্সির পারফরম্যান্স তাদের বাকিদের তুলনায় এগিয়ে রাখছে। তবে শেষ পর্যন্ত কার হাতে উঠবে এই পুরস্কার, সেটিই এখন দেখার অপেক্ষা।

আইএইচ