World Cup Football Field

বিজ্ঞাপন

ফাইনালের ভবিষ্যদ্বাণী করতে গিয়ে রেফারিকে টানলেন বার্সা প্রেসিডেন্ট

ফাইনালের ভবিষ্যদ্বাণী করতে গিয়ে রেফারিকে টানলেন বার্সা প্রেসিডেন্ট

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলই শক্তির পরীক্ষা দিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে উঠে এসেছে। বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার বিশ্বাস, দুই দলের ফাইনালে লা মাসিয়ার শক্তির পরীক্ষা হবে। বার্সার অ্যাকাডেমি থেকে উঠে আসা ক্লাবের লিজেন্ড ও উদীয়মান তারকারা একে অন্যের মুখোমুখি হচ্ছে।

লাপোর্তার মতে, ফাইনাল জুড়ে বার্সার প্রভাব ফুটে উঠবে। লা মাসিয়ার শ্রেষ্ঠত্ব দেখার প্রত্যাশায় তিনি। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে বার্সার অ্যাকাডেমি গ্র্যাজুয়েটরা নিজেদের প্রমাণ করবে, এমনটাই আশা তার।

আগামী রোববার নিউইয়র্ক নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের তুমুল লড়াই দেখা যাবে মনে করেন লাপোর্তা, ‘বর্তমানে বিশ্ব ফুটবল এর চেয়ে বড় কোনো ম্যাচ উপহার দিতে পারে না। আমার মনে হয় এটা সম্ভাব্য সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ একটি ফাইনাল হতে যাচ্ছে। খেলার ধরন ভিন্ন হলেও দুই দলেই রয়েছে অসাধারণ সব প্রতিভা।’

ফাইনাল নিয়ে তার ভবিষ্যদ্বাণী, ‘স্পেনই জিতবে। আমাদের দলটা বেশি ভালো। রেফারি যদি ম্যাচটি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আমাদের জেতার সম্ভাবনা আরও বেড়ে যাবে।’

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা রেফারিদের কাছে বিশেষ সুবিধা পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফিফার রেফারিং কমিটি এই ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক মেসিও এই দাবি উড়িয়ে দিয়েছেন।

এফএইচএম