World Cup Football Field

বিজ্ঞাপন

ফাইনালের আগে ফিফার ওপর ক্ষোভ ঝাড়লেন স্কালোনি

ফাইনালের আগে ফিফার ওপর ক্ষোভ ঝাড়লেন স্কালোনি

আর্জেন্টিনার বেস ক্যাম্প ছিল কানসাস সিটিতে। সেমিফাইনাল ম্যাচের আগেরদিন লিওনেল স্কালোনির দল কানসাসকে বিদায় জানায়। ইংল্যান্ডকে হারানোর পর আটলান্টায় ছিল তারা। ফাইনাল উপলক্ষ্যে আগেভাগেই নিউইয়র্কে আসা এবং অনুশীলনের সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। 

নিউজার্সি শহরে আগের রাতে পৌঁছানোর পর শুক্রবার বিকেলেই আলবিসেলেস্তে ফুটবলারদের অনুশীলনে নামতে হয়েছে। ফিফার সিদ্ধান্তের কারণে যে সময়ে দলকে অনুশীলন করতে হয়েছে, তা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি, ‘গত রাত প্রায় ১১টার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি। আজ ওরা আমাদের এমন একটা সময়ে অনুশীলন করতে বাধ্য করেছে যা আমরা একদমই চাইনি। কিন্তু এই সংবাদ সম্মেলন এবং সব আনুষ্ঠানিকতার চক্করে আমাদের তড়িঘড়ি করে একটা অদ্ভুত অনুশীলন সেশন সারতে হয়েছে, যেখানে আমরা নতুন কোনো কৌশল পরখ করে দেখার সুযোগই পাইনি।’

ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচের শহরে পৌঁছানোর পরপরই তীব্র গরমের মধ্যে দুপুরে দলকে অনুশীলনে নামতে হয়– যা এই সময়ে নিউইয়র্কে খুবই স্বাভাবিক চিত্র। এর সঙ্গে যুক্ত হয়েছে নকআউট পর্বে একের পর এক ম্যাচ খেলার ধকল, যা নিয়ে স্কালোনি আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন। মূলত খেলোয়াড়দের ক্লান্তি কাটানোর পর্যাপ্ত সময় না মেলাতেই সবচেয়ে বেশি ক্ষুব্ধ কোচ।

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ জানান, ‘আমরা এখন বিশ্রামের ওপর জোর দিচ্ছি এবং সেটার ওপর ভিত্তি করেই দেখব খেলোয়াড়দের কী অবস্থা। কারণ কয়েকজন খেলোয়াড় এখনও ১০০ ভাগ ফিট নন, আমরা তাদের অবস্থা মূল্যায়ন করবে।’

মাঠে নামার আগে নিজেদের শক্তি এবং প্রতিপক্ষের সামর্থ্য উভয়দিক বিবেচনা করেন স্কালোনি, ‘আমরা নিজেদের শক্তির কথা মাথায় রেখেই খেলি, তবে প্রতিপক্ষের ভালো দিকগুলোর প্রতিও আমাদের নজর আছে।’

এজেড/এএইচএস