World Cup Football Field

বিজ্ঞাপন

দে লা ফুয়েন্তের কেমন ছাত্র ছিলেন স্কালোনি?

দে লা ফুয়েন্তের কেমন ছাত্র ছিলেন স্কালোনি?

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনালে হবে গুরু-শিষ্যের লড়াইও। ঐতিহাসিক এই ম্যাচে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তার গুরু ও স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের শিক্ষাই কাজে লাগাবেন। দে লা ফুয়েন্তে কোচিং কোর্সের সময় স্কালোনির শিক্ষক ছিলেন এবং কাতারের পর স্কালোনি তাকে কিছু পরামর্শও দিয়েছিলেন।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে সান্তা ফে থেকে আসা স্কালোনিকে স্পেন কোচ দে লা ফুয়েন্তের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, ‘তার সম্পর্কে আমার দারুণ স্মৃতি রয়েছে। তিনি এমন একজন কোচ ছিলেন যার সাথে আমি সবচেয়ে বেশি কথা বলতাম। আমি খুব কৌতূহলী ছিলাম, সবসময় প্রশ্ন করতাম এবং তিনি কখনোই বিরক্ত হতেন না। আমার কাছে তিনি সব সময়ই একজন চমৎকার মানুষ।’

২০১৭ সালে স্কালোনি আর্জেন্টিনার জাতীয় দলে হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফের অংশ ছিলেন। তিনি উয়েফা প্রো লাইসেন্স পাওয়ার জন্য কোর্সটি সম্পন্ন করেন। সেই সময় দে লা ফুয়েন্তে স্পেনের জাতীয় যুব দলগুলোর সঙ্গে কাজ করার পাশাপাশি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে (আরএফইএফ) শীর্ষ স্তরে কমপক্ষে সাতটি মৌসুমের পেশাদার অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছিলেন। তিনি কৌশল এবং খেলার পদ্ধতির ওপর একটি কোর্স করাতেন।

লাস রোজাসের আরএফইএফ-এর প্রশিক্ষণ কমপ্লেক্সে অধ্যয়ন করা সেই গ্রুপের অন্যান্য অসামান্য ছাত্রদের মধ্যে ছিলেন ফার্নান্দো রেদেন্দো, হাভিয়ের সাভিওলা, লিও ফ্রাঙ্কো ও হুলিও সেসার। তবে স্কালোনির মতো সাফল্য কেউ পাননি। তিনি ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে চারটি শিরোপা জিতেছেন—কোপা আমেরিকা ২০২১ ও ২০২৪, ফিনালিসিমা ২০২২ এবং ২০২২ বিশ্বকাপ। স্কুলের পরিচালক গিনেস মেলেন্দেসের স্মৃতিচারণ অনুযায়ী, সান্তা ফের এই কোচ অন্যতম পরিশ্রমী ছাত্র ছিলেন। প্রথম সারিতে বসতেন।

তাদের গল্পগুলোর মধ্যে কিছু মিল রয়েছে। কারণ তারা দুজনেই খুব বেশি পূর্ব অভিজ্ঞতা ছাড়াই জাতীয় দলের বেঞ্চে এসেছিলেন। দে লা ফুয়েন্তে ১৩ বছর আগে আরএফইএফ-এ অনূর্ধ্ব-১৯ দল দিয়ে যুব বিভাগে কাজ শুরু করেন। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-২১ এবং অলিম্পিক দলে তার সাফল্য লুইস এনরিকের বিদায়ের পর ২০২২ সালের ডিসেম্বরে তাকে সিনিয়র দলে পদোন্নতি এনে দেয়।

অন্যদিকে, স্কালোনি আর্জেন্টিনায় সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করার পর এবং অনূর্ধ্ব-২০ দলের হয়ে ছয়টি ম্যাচ পরিচালনা করার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এসেছিলেন। এই অস্থায়ী অবস্থানকে দ্রুত স্থায়ী করেন। তার হাত ধরে লিও মেসির আর্জেন্টিনা কোপা আমেরিকা ও বিশ্বের চ্যাম্পিয়ন হয়।

সেই কোর্সের পর শিক্ষক-ছাত্রের প্রথম দেখা হবে মাঠে। তবে বেশ কিছুদিন ধরেই জনসমক্ষে তারা কেবল একে অপরের সম্পর্কে প্রশংসাই বিনিময় করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর স্কালোনি তার প্রাক্তন শিক্ষকের সাথে তার সম্পর্ক নিয়ে বিস্তারিত বলেন, ‘কোচিং কোর্সে আমার শিক্ষক থাকার পাশাপাশি, তার সাথে আমার একটি বিশেষ সম্পর্ক ছিল কারণ আমি তার সহজ-সরল আচরণ পছন্দ করতাম।’

কাতারে বিশ্বকাপ ট্রফি জয়ী এই কোচ স্প্যানিয়ার্ডের সাথে হওয়া একটি ব্যক্তিগত কথোপকথনের কথা বলেছেন, ‘আমার মনে আছে কাতারে, আমরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর একটি কোচ ফোরামের শেষে আমাদের মধ্যে একটি সুন্দর চ্যাট হয়েছিল এবং আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম, যা আমার মনে হয় তার কাজে লেগেছে। আমি এটি অহংকার করে বলছি না, বরং ইতিবাচকভাবে বলছি। সেটা তিনি তার জাতীয় দলে চমৎকারভাবে বাস্তবায়ন করেছেন।’

সাবেক ছাত্রের প্রশংসা করেছেন দে লা ফুয়েন্তেও, ‘লিওনেল একজন খুব পরিশ্রমী ছাত্র ছিল। তার দারুণ মনোভাব এবং আগ্রহ ছিল। তার মধ্যে এমন একজনের ছোঁয়া ছিল, যে নিশ্চিতভাবে বড় হতে চায়। তার শিক্ষক হতে পারাটা সম্মানের।’

এখন দেখার অপেক্ষা, ছাত্র কি শিক্ষককে হারাতে পারবেন নাকি শিক্ষকেরই জয় হবে?

এফএইচএম