বিজ্ঞাপন

বিশেষ চাহিদা-সম্পন্নদের নিয়ে রাজধানীতে ফুটবল

বিশেষ চাহিদা-সম্পন্নদের নিয়ে রাজধানীতে ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে রাজধানীতে আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী ক্রীড়া ও বিনোদনমূলক উৎসব ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’। আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে অবস্থিত শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।

ভ্যালেরিয়ন এআরসি লিমিটেড ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিশেষ ফুটবল টুর্নামেন্ট।

আয়োজকেরা জানান, অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া চর্চা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের ভেতরের প্রতিভা বিকাশে উৎসাহ জোগানোই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

খেলাধুলার পাশাপাশি দিনব্যাপী এই আয়োজনে থাকছে ফুটবলপ্রেমীদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা। এর মধ্যে রয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচের লাইভ স্ক্রিনিং, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, ই-স্পোর্টস প্রতিযোগিতা, ফ্যান এনগেজমেন্ট কার্যক্রম, লাইভ মিউজিক ও ফুড জোন। এ ছাড়া বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাক্টিভেশনও থাকবে ভেন্যুতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও করপোরেট প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজনটির টাইটেল স্পনসর হিসেবে রয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং পাওয়ারড বাই স্পনসর হিসেবে যুক্ত আছে টি.কে. গ্রুপ।

আহবান ও ভ্যালেরিয়ন এআরসির প্রতিনিধিরা এক যৌথ বার্তায় বলেন, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, সমতা ও একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য।

এই মিলনমেলায় অংশ নিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের উৎসাহিত করতে দেশের সব ক্রীড়াপ্রেমী, তরুণ সমাজ ও দর্শকদের মাঠে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন তারা।

এমএমএম/

বিজ্ঞাপন