World Cup Football Field

বিজ্ঞাপন

মেসি-ইয়ামালের ‘ফাইনাল শো’, টিকিটের সর্বনিম্ন দাম পৌঁছাল ৮ লাখ টাকায়

মেসি-ইয়ামালের ‘ফাইনাল শো’, টিকিটের সর্বনিম্ন দাম পৌঁছাল ৮ লাখ টাকায়

প্রথমবারের মতো ‘মেসি-ইয়ামাল শো’ দেখার অপেক্ষায় পুরো ফুটবলবিশ্ব। বিশ্বকাপের মহারণী ফাইনালে আজ (রোববার) দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে তাদের দল আর্জেন্টিনা-স্পেন। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচ নিয়ে সমর্থকদের মাঝে প্রবল উন্মাদনা। আর সেটিকে কাজে লাগিয়ে ফাইনালের সর্বনিম্ন ক্যাটাগরির টিকিটমূল্যও প্রায় ৮ লাখ টাকায় (৬৪১১ ডলার) পৌঁছেছে। 

নিউইয়র্কের নিউজার্সি মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিশ্বকাপজুড়েই অতিরিক্ত টিকিটমূল্য নিয়ে হাহাকার ছিল সমর্থকদের মাঝে। তবে মাঠে তার প্রভাব পড়েনি, প্রায় ম্যাচেই স্টেডিয়াম ছিল হাউজফুল। ফিফার অফিসিয়াল টিকিট রিসেল সাইটের তথ্যমতে– শনিবার সকালে সর্বনিম্ন ক্যাটাগরির টিকিমূল্য ছিল ৬৪১১ ডলার, যার মাধ্যমে সমর্থকরা খেলা দেখতে পারবেন গোলবারের পেছনে মাঝামাঝি জায়গা থেকে।

আপার ডেক ক্যাটাগরির টিকিটের দাম ১০ হাজার ডলার বা প্রায় ১২ লাখ ৩১ হাজার বাংলাদেশি টাকা। আরেকটু নিকটদূরত্ব থেকে খেলা দেখতে গুনতে হবে ১৬ হাজার ডলার বা প্রায় ২০ লাখ টাকা। একইভাবে সবচেয়ে উন্নতমানের হসপিটালিটি আসনে বসে খেলতে ৬০ হাজার ডলার বা প্রায় ৭৪ লাখ টাকা লাগবে। 

টিকিট বিক্রি বিষয়ক অন্য আউটলেট সিটগিক ও স্টাবহাব বলছে, আপার ডেকের টিকিটমূল্য ১০ হাজার ডলার থেকে শুরু এবং কিছু লোয়ার বল সিট প্রায় ৩৫ হাজার ডলার মূল্য চাওয়া হচ্ছে। ফুটবল সমর্থকদের কাছে ম্যাচটির আকর্ষণ চরম মাত্রায় পৌঁছে দিয়েছেন মেসি, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ খেলতে নামছেন। তার বিপরীতে উদীয়মান তারকা ও এখনই বড় নাম হওয়ার ইঙ্গিত দেওয়া লামিনে ইয়ামাল।

নিজেদের চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এবং টানা দ্বিতীয় আসরের ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা। ব্রাজিলের ১৯৫৮ এবং ১৯৬২ আসরের পর আর কোনো দল বিশ্বকাপে পরপর শিরোপা জিততে পারেনি। স্পেন তাদের একমাত্র বিশ্বকাপ ট্রফি জেতে ২০১০ আসরে।

এএইচএস