ফুটবলবিশ্ব যখন আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ দেখার অপেক্ষায়, তখনও চলছে রাজনৈতিক হিসাব-নিকাশ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলে সফর ও প্রশংসায় ব্যস্ত থাকতে দেখা গেছে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী হাভিয়ের মিলেইকে। বিশ্বকাপ ফাইনালে যখন আর্জেন্টিনা শেষ সময়ের প্রস্তুতি সারছে, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের প্রতি প্রকাশ্যে সমর্থনের ঘোষণা দিলেন।
বিশ্বসেরা হওয়ার এই লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। সাম্প্রতিক বছরগুলোয় দেশটির সঙ্গে ফিলিস্তিন ও গাজা ইস্যুতে বিরোধ দেখা যায় ইসরায়েলের। তাই ফিলিস্তিনসহ আরব বিশ্বের অধিকাংশ সমর্থক যখন স্পেনের পক্ষে স্পষ্ট অবস্থান জানাচ্ছেন, বিপরীতে ইসরায়েল অবস্থান নিলো লিওনেল মেসির দলকে।
— Prime Minister of Israel (@IsraeliPM) July 18, 2026
নিউইয়র্কের নিউজার্সি মেটলাইফ স্টেডিয়ামে আজ (রোববার) দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তার আগেরদিন ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ সময় নেতানিয়াহুকে আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি উপহার দেন দেশটির রাষ্ট্রদূত ওয়াহনিশ।
নেতানিয়াহুর জন্য আর্জেন্টাইন প্রেসিডেন্ট মিলেই একটি অডিও বার্তা পাঠিয়েছেন, তাকে সেটি শোনালেন ওয়াহনিশ। সেখানে মিলেই বলেন, ‘আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেন। আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনি আমার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করছেন।’
যার জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘হাভিয়ের, তুমি একজন বন্ধু। সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি, নানা ক্ষেত্রেই আর্জেন্টিনাকে সমর্থন করছি, আগামীকালও করব। শুভকামনা।’ কেবল তাই নয়, নেতানিয়াহুর বিশ্বাস– ইসরায়েলের বেশিরভাগ মানুষই ফাইনালে আর্জেন্টিনার পক্ষেই থাকবে।
পরবর্তীতে মেসিদের প্রতি নিজের সমর্থনের বিষয়টি আরও ব্যাখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমি যে আর্জেন্টিনার সমর্থক– বিষয়টি লুকাই না। আমার মনে হয়, ইসরায়েলের বেশিরভাগ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা! ভামোস আর্জেন্টিনা।’
এএইচএস

