World Cup Football Field

বিজ্ঞাপন

প্রস্তুত নিউইয়র্ক, চ্যাম্পিয়নের অপেক্ষায় বিশ্ব

প্রস্তুত নিউইয়র্ক, চ্যাম্পিয়নের অপেক্ষায় বিশ্ব

ফাইনালের আগের দিন নিউইয়র্কে ঝুম বৃষ্টি। তবে বিকেল হতে হতে বৃষ্টি থেমেও যায়। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের প্রেস কনফারেন্স কাভার করে নিউ জার্সির মিডিয়া সেন্টারে অপেক্ষমান। স্টেডিয়ামের মূল প্রাঙ্গন থেকে মিডিয়া সেন্টার খানিকটা দূর হলেও ভেতরের রিহার্সালের শব্দ আসছিল ঠিক মতোই।

টেকনিক্যাল স্টাডি গ্রুপের রিপোর্ট শেষ করে তাই একটু ঢুঁ মারার চেষ্টা ফাইনালের মহারণের ভেন্যুতে। আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সামান্য কিছু সময়ের জন্য একেবারে মূল মাঠে উপস্থিত হওয়া গেছে।

আমেরিকার স্থানীয় সময় রোববার বিকেল তিনটায় (বাংলাদেশ সময় আজ রাত ১টা) শিরোপার দ্বৈরথে মাঠে নামবেন মেসি-ইয়ামালরা। এর আগে রয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলার বিরতিতেও হাফটাইম শো রয়েছে। এই অনুষ্ঠানের জন্য বিরতির সময় ১৫ থেকে বাড়িয়ে ১৭ মিনিট করা হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সালও হয়েছে কিছু সময়।

বিশ্বকাপ ফাইনাল মানে সারা বিশ্বের নজর। এই ম্যাচ দেখতে আসবেন ক্রীড়াঙ্গন ও বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা। ফাইনালে ট্রফি প্রদান অনুষ্ঠানে থাকার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ও আগমনের জন্য নিরাপত্তা কর্মীরাও খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজনদের নিরাপত্তা ছাপিয়ে সবার মূল আকর্ষণ মাঠের লড়াইয়ে। মাঠ শেষ মুহূর্তের পরিচর্যার জন্য ঘাম ঝড়াচ্ছেন গ্রাউন্ডসম্যানরা। তারা চেষ্টা করে যাচ্ছেন ফাইনালকে ফাইনালের মতো করতে। যেন কোথাও কোনো ত্রুটি না থাকে। 

ফাইনাল উপলক্ষে নিউজার্সি স্টেডিয়াম ভিন্ন আবহে সেজেছে। গ্যালারির কয়েক জায়গায় ফাইনালের বিশেষ লোগো। স্টেডিয়ামের আরও অনেক জায়গায় ফাইনাল ব্র্যান্ডিং। ফাইনালের সম্প্রচারকারী প্রতিষ্ঠান খেলার আগের দিন অনেক ব্যস্ত সময় কাটিয়েছে। 

আর্জেন্টিনা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মেসির আজই সম্ভবত বিশ্বকাপে শেষ ম্যাচ হতে যাচ্ছে। তাই আর্জেন্টিনার জন্য ম্যাচটি বিশেষ। বিশ্ব ফুটবলকে এত কিছু দেওয়াকে মেসির বিশ্বকাপ বিদায় রঙিন করানোর সর্বোচ্চ চেষ্টা তার সতীর্থদের। 

আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন পুরো টুর্নামেন্টে মাত্র ১ গোল হজম করেছে। স্পেনের ডিফেন্স অত্যন্ত শক্তিশালী। ফ্রান্সের ফরোয়ার্ডকে রুখে দেওয়া স্পেন তাই আর্জেন্টিনার জন্য খানিকটা দুশ্চিন্তার কারণ। অন্যদিকে আর্জেন্টিনার ডিফেন্স দুর্বলতা খুবই প্রকট। নকআউট পর্বে প্রতি ম্যাচেই গোল হজম করেছে তারা। 

ফাইনালে দেখা যাবে গুরু শিষ্যের লড়াই। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে কোচিং সনদ নিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। লা ফুয়েন্ত ইতালির দীর্ঘ সময় অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছেন। অন্যদিকে শিষ্যের হাতছানি টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার। 

টুর্নামেন্টজুড়ে আলোচনায় রেফারিং ও ভিএআর। আজ ফাইনালে মেসি-ইয়ামালদের মধ্যে কেউ নায়ক হবেন নাকি রেফারি-ভিএআর আলোচনা কেড়ে নেবে সেটাই দেখার বিষয়। তবে নানা সমালোচনা দূরে ঠেলে বেশ প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ বিশ্বকাপই হয়েছে। তাই ফিফা ও স্বাগতিক আমেরিকা শেষটা ভালো করার সর্বাত্মক চেষ্টা করছে। ফাইনালের জন্য প্রস্তত নিউ জার্সি স্টেডিয়াম, সারা বিশ্বও প্রস্তত চ্যাম্পিয়নদের বরণে। 

এজেড/এফআই